পিএইচডি ডিগ্রি অর্জনকারী ও উচ্চশিক্ষার্থে বিদেশগামী শিক্ষক সংবর্ধনা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের তিনজন শিক্ষক—ড. তাহমিনা ইয়াসমিন শোভা, ড. আহম্মদ উল্লাহ এবং ড. মন্দিরা চৌধুরী—পিএইচডি ডিগ্রি অর্জন করায় এবং বিভাগের শিক্ষক জনাব ওয়াহিদুল আলম পিএইচডি গবেষণার উদ্দেশ্যে বিদেশে উচ্চশিক্ষার্থে গমন করতে যাচ্ছেন উপলক্ষে বিভাগে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে দর্শন বিভাগের শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিভাগের শিক্ষকবৃন্দ তাঁদের বক্তব্যে পিএইচডি ডিগ্রি অর্জনকারী শিক্ষকদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। একই সঙ্গে তাঁরা প্রত্যাশা ব্যক্ত করেন যে, অর্জিত জ্ঞান, গবেষণার অভিজ্ঞতা ও একাডেমিক দক্ষতা ভবিষ্যতে দর্শন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সর্বোপরি দেশ ও জাতির জ্ঞানচর্চা ও শিক্ষা-গবেষণাকে সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বক্তারা বিদেশে পিএইচডি গবেষণার উদ্দেশ্যে গমনকারী জনাব ওয়াহিদুল আলমের উচ্চশিক্ষার পথচলা সুগম, সফল ও ফলপ্রসূ হওয়ার জন্য আন্তরিক শুভকামনা জানান।
শিক্ষার্থীবৃন্দ তাঁদের বক্তব্যে সম্মানিত শিক্ষকদের প্রতি গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা শিক্ষকদের এই অর্জনকে বিভাগের জন্য গৌরবের বিষয় হিসেবে উল্লেখ করেন এবং উচ্চশিক্ষার্থে বিদেশগামী শিক্ষকের ভবিষ্যৎ গবেষণা ও একাডেমিক সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলেই এ ধরনের একটি অর্থবহ ও সৌহার্দ্যপূর্ণ আয়োজনের জন্য বিশেষভাবে দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. নূরুজ্জামানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে তাঁরা ভবিষ্যতেও এ ধরনের আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানটি শিক্ষকদের একাডেমিক অর্জনকে উদ্যাপনের পাশাপাশি শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, শ্রদ্ধা ও একাডেমিক বন্ধনকে আরও সুদৃঢ় করে।