ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগের উদ্যোগে দিনব্যাপী ফিলোসফি গ্র্যাজুয়েট সম্মেলন আজ ২৬ সেপ্টেম্বর ২০২৬ শনিবার আরসি মজুমদার আর্টস মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. নূরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বিভাগের অধ্যাপক আ খ ম ইউনুস স্বাগত বক্তব্য দেন। বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের অনারারি অধ্যাপক ড. কাজী নূরুল ইসলাম ও দর্শন বিভাগের অনারারি অধ্যাপক ড. আজিজুন্নাহার ইসলাম শুভেচ্ছা বক্তব্য রাখেন। এসময় বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম মানুষের মাঝে পরমতসহিষ্ণুতা, উদারতা এবং নৈতিক ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে দর্শন চর্চার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, নৈতিকতা ও দর্শন চর্চার মাধ্যমে একটি মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব। তরুণদের আগামী দিনের ভবিষ্যৎ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, তাদের ওপর আগামী বাংলাদেশের গতি-প্রকৃতি নির্ভর করছে। তরুণদের সুশিক্ষিত করে গড়ে তুলতে পারলেই দেশে যোগ্য নেতৃত্ব সৃষ্টি হবে। ব্যক্তিগত স্বার্থ পরিত্যাগ এবং দর্শনের নৈতিক শিক্ষাকে কাজে লাগিয়ে সমাজ পরিবর্তনে সক্রিয় ভূমিকা পালনের জন্য তিনি সকলের প্রতি আহবান জানান। দেশের সামাজিক সমস্যার সমাধান ও বৈশ্বিক র্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়ের অবস্থানকে সম্মানজনক পর্যায়ে উন্নীত করতে তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক জোরদার ও ইন্টার ডিসিপ্লিনারি রিসার্চের উপর গুরুত্বারোপ করেন।
সম্মেলনের ৩টি অধিবেশনে বাংলাদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের এম এ শ্রেণির শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ের উপর প্রবন্ধ উপস্থাপন করেন। অনুষ্ঠানে অধ্যাপক মো. নূরুজ্জামান সম্পাদিত ‘ছোটদের জন্য দর্শন’ শীর্ষক প্রবন্ধমালার মোড়ক উন্মোচন করা হয়। বিশিষ্ট শিক্ষক, গবেষক, দার্শনিক ও মনোবিজ্ঞানীগণ আলোচনায় অংশ নেন।

২৬/০৯/২০২৬
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়