ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ত:ধর্মীয় ও আন্তঃসাংস্কৃতিক সংলাপ কেন্দ্রে এবং বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে ০৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ মঙ্গলবার দুপুর ১২ টায় "Beyond Liberal Blueprints in International Development: Faith, Culture and Power” শীর্ষক একটি বিশেষ সেমিনার কলা ভবনের ৫ম তলায় ৫০০২ নং কক্ষে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কানাডার জাতীয় প্রতিরক্ষা বিভাগের সিনিয়র প্রকল্প কর্মকর্তা এবং উন্নয়ন অর্থনীতিবিদ গালিব ইবনে আনোয়ারুল আজিম। অলোচক হিসেবে উপস্থিত ছিলেন ড. মো. দিদারুল ইসলাম, সহকারী অধ্যাপক, বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবু সায়েম। অনুষ্ঠানটি সঞ্চালন করেন আন্তঃধর্মীয় ও আন্তঃসাংস্কৃতিক সংলাপ কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ ইলিয়াছ।
কানাডার জাতীয় প্রতিরক্ষা বিভাগের সিনিয়র প্রকল্প কর্মকর্তা এবং উন্নয়ন অর্থনীতিবিদ গালিব ইবনে আনোয়ারুল আজিম বলেন, বিশ্বাস শুধু ব্যক্তিগত আধ্যাত্মিকতার বিষয় নয়; এটি সামাজিক আচরণ, নৈতিকতা, পারস্পরিক আস্থা ও নেতৃত্ব কাঠামো গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বহু উন্নয়ন প্রকল্প স্থানীয় ধর্মীয় বাস্তবতাকে উপেক্ষা করায় জনগণের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে। অথচ ধর্মীয় প্রতিষ্ঠান ও বিশ্বাসভিত্তিক নেটওয়ার্ক অনেক ক্ষেত্রে সামাজিক সংহতি ও মানবিক সহায়তার সবচেয়ে কার্যকর বাহন হতে পারে।
ড. মো. দিদারুল ইসলাম বলেন, উন্নয়ন কখনো নিরপেক্ষ প্রক্রিয়া নয়। কে উন্নয়ন সংজ্ঞায়িত করছে, কার জ্ঞানকে বৈধতা দেওয়া হচ্ছে, আর কার কণ্ঠ উপেক্ষিত থাকছে এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সময় উন্নয়ন কাঠামো বিদ্যমান ক্ষমতার অসমতা পুনরুৎপাদন করে, যা সামাজিক ন্যায়ের পরিপন্থী।