ঢাকা বিশ্ববিদ্যালয় তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের উদ্যোগে জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতার আঞ্চলিক পর্বে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল ১৬ মে ২০২৬ শনিবার বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক এটিএম জিয়াউল ইসলাম উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. বি এম মঈনুল হোসেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, প্রযুক্তি ও প্রোগ্রামিংয়ে আমাদের দেশের তরুণ শিক্ষার্থীদের আগ্রহ দিন দিন বাড়ছে। এধরনের প্রতিযোগিতা সেই আগ্রহকে আরও শক্তিশালী করবে। প্রযুক্তিতে দক্ষতা অর্জনের পাশাপাশি ভালো মানুষ হিসেবে গড়ে উঠার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, “আমাদের দেশের তরুণ প্রজন্ম মেধা, সাহস ও প্রযুক্তিতে বিশ্বের কোনো দেশের চেয়ে পিছিয়ে নেই। বর্তমান প্রজন্মই বাংলাদেশে সমৃদ্ধ প্রযুক্তি শিল্প গড়ে তুলতে সক্ষম হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, প্রোগ্রামিং প্রতিযোগিতার ৩টি ক্যাটাগরিতে ১১২ জন ও কুইজ প্রতিযোগিতার ২টি ক্যাটাগরিতে ৩০৪ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। প্রোগ্রামিং জুনিয়র ক্যাটাগরিতে ১০ জন, সেকেন্ডারিতে ১০ জন, হায়ার সেকেন্ডারিতে ১০ জন এবং কুইজ এর জুনিয়র ক্যাটাগরিতে ২০ জন ও সিনিয়র ক্যাটাগরিতে ২০ জন বিজয়ী হয়।
১৭/০৫/২০২৬
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়।