বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের অর্থায়নে পরিচালিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯৮টি গবেষণা প্রকল্পের প্রকল্প পরিচালক ও সহ-প্রকল্প পরিচালকদের নিয়ে এক মতবিনিময় সভা গতকাল ১৮ অক্টোবর ২০২৬ রবিবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম প্রধান অতিথি এবং প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সভায় বিভিন্ন অনুষদের ডিন এবং ৯৮টি গবেষণা প্রকল্পের প্রকল্প পরিচালক ও সহ-প্রকল্প পরিচালক উপস্থিত ছিলেন।
সভায় প্রকল্পসমূহের অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে নানা সীমাবদ্ধতা ও সমস্যা নিরসন বিষয়ে আলোচনা করা হয়।
উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম আন্তর্জাতিক মানের গবেষণা পরিচালনার জন্য শিক্ষক ও গবেষকদের প্রতি আহবান জানিয়ে বলেন, মানসম্মত গবেষণা ও উদ্ভাবন ছাড়া বিশ্ববিদ্যালয়কে সামনে এগিয়ে নেওয়া সম্ভব নয়। তিনি বলেন, গবেষণা প্রবন্ধ কিউ-১ এবং কিউ-২ জার্নালে প্রকাশের ব্যাপারে গবেষকদের মনোযোগ দিতে হবে। সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে তাদের গবেষণা কাজ চালিয়ে যেতে হবে। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে। শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন, আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে উন্নতি এবং বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধির লক্ষ্যে যথাসময়ে কোর্স সম্পন্ন করা এবং সময়মত পরীক্ষা গ্রহণ ও ফলাফল প্রকাশের উপর তিনি গুরুত্বারোপ করেন।
প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম সমাজের চাহিদা অনুযায়ী শিক্ষা ও উদ্ভাবনমূলক গবেষণা কার্যক্রম পরিচালনার উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, যুগোপযোগী গবেষণার মাধ্যমে গবেষকদের দেশ ও জাতির টেকসই আর্থ-সামাজিক উন্নয়নে কার্যকর অবদান রাখতে হবে। সামাজিক চাহিদা নিরূপণ, নতুন জ্ঞান সৃষ্টি ও বিতরণের ক্ষেত্রে সমন্বিতভাবে কাজ করার জন্য তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
সভায় জানানো হয়, ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সম্পর্ক স্থাপন এবং প্রকাশনা, গবেষণা ও উদ্ভাবন কার্যক্রম জোরদার করার লক্ষ্যে আগামী ফেব্রুয়ারি মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে “Dhaka University Innovation and Impact Summit”- আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। গবেষণা, প্রকাশনা ও উদ্ভাবনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি গবেষণাধর্মী প্রতিষ্ঠানে পরিণত করা এবং ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সম্পর্ক জোরদারের মাধ্যমে মানসম্মত স্ট্যার্টআপ গড়ে তোলার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সকলের প্রতি আহবান জানানো হয়।

১৯/১০/২০২৬
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়।