Latest News

৫ ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে “এম এস খান ও বাংলাদেশে গ্রন্থাগার শিক্ষা” শীর্ষক আলোচনা অনুষ্ঠিত।

Published February 5, 2026 Department of Information Science and Library Management
All Latest News

“জ্ঞানেই মুক্তি, আগামীর ভিত্তি”—এই প্রতিপাদ্যকে ধারণ করে আজ ০৫ ফেব্রুয়ারি ২০২৬ সারাদেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে ❝জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৬❞। দিবসটি উদযাপনের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভাটি কলাভবনের বিভাগের ১০০৭ নম্বর শ্রেণিকক্ষে সকাল ১১:০০টায় শুরু হয়। “এম এস খান ও বাংলাদেশে গ্রন্থাগার শিক্ষা” শীর্ষক আলোচনায় অংশ নেন বিভিন্ন পর্যায়ের ব্যাক্তিবর্গ।

আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন ন্যাশনাল গ্যালারী অব অস্ট্রেলিয়ার ইনফরমেশন ও ডেটা ম্যানেজার ড. মোহাম্মাদ নাসিম ইকবাল। এছাড়াও আলোচক হিসেবে অংশগ্রহণ করেন বিডিরেন এর কনসালট্যান্ট ও গ্রন্থাগারিক (অবঃ) ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ ড. মোহাম্মদ হোচ্ছাম হায়দার চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয় তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও জেলা জজ (অবঃ) ড. মো. ফজলে এলাহী ভূইয়া, বাংলাদেশ গ্রন্থাগার সমিতি (ল্যাব)-এর সভাপতি ড. মো. মিজানুর রহমান, বাংলাদেশ গ্রন্থাগারিক ও তথ্যায়নবিদ সমিতি (বেলিড)-এর চেয়ারম্যান, ড. মো. মনিরুজ্জামান এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক (অবঃ) জনাব আব্দুল গফুর দেওয়ানসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বাংলাদেশে গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান শিক্ষার বিকাশে জনাব এম এস খানের অবদান, জাতীয় গ্রন্থাগার দিবসের তাৎপর্য এবং গ্রন্থাগার শিক্ষার ভবিষ্যৎ দিকনির্দেশনা গুরুত্বসহকারে আলোচিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব রওশন আক্তার। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগের গ্রন্থাগার দিবস ২০২৬ উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মুহাম্মদ মেজবাহ্-উল -ইসলাম। আলোচনায় বিভিন্ন সংগঠনের সদস্যবৃন্দ এবং বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।

দুপুর ১২:৩০ ঘটিকায় আলোচনা সভাটি সমাপ্ত হয়। এ আয়োজনের মাধ্যমে গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান সংশ্লিষ্ট পেশাজীবী, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক মতবিনিময় ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।

এছাড়াও  জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৬-এর প্রতিপাদ্য “জ্ঞানেই মুক্তি আগামীর ভিত্তি” সম্পর্কে শিক্ষার্থী ও সকলের মধ্যে  জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে কলাভবনের বিভিন্ন স্থানে বিভাগের উদ্যোগে  জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন উপলক্ষে প্রচারনা করা হয়।

Link copied