ঢাবির অণুজীববিজ্ঞান বিভাগে ৩৮তম আবর্তনের নবীনবরণ ও ৩৩তম আবর্তনের বিদায় সংবর্ধনা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগ ৩৮তম আবর্তনের নবীন শিক্ষার্থীদের বরণ ও ৩৩তম আবর্তনের শিক্ষার্থীদের বিদায় জানাতে এক অনুষ্ঠানের আয়োজন করে। রোববার (১৫ নভেম্বর ২০২৬) আনোয়ারুল আজিম চৌধুরী লেকচার গ্যালারিতে আয়োজিত এ অনুষ্ঠানে বিভাগের বিভিন্ন বর্ষের কৃতী শিক্ষার্থীদেরও সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. লায়লা নূর ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাকিলা নার্গিস খান। বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মোঃ আবদুল করিম জরুরি কারণে দেশের বাইরে থাকায় অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।
অনুষ্ঠানের শুরুতে সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. শাকিলা নার্গিস খান গত এক বছরে বিভাগের একাডেমিক, সহশিক্ষা ও পাঠ্যক্রমবহির্ভূত কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন। এরপর প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়জীবনের সময় ও সুযোগগুলো যথাযথভাবে কাজে লাগানোর পরামর্শ দেন। পরে অধ্যাপক ড. লায়লা নূর ইসলাম এবং অণুজীববিজ্ঞান বিভাগের জ্যেষ্ঠতম শিক্ষক ড. আনিসুর রহমান খান শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
অনুষ্ঠানে ৩৮তম আবর্তনের নবীন শিক্ষার্থীদের বিভাগে স্বাগত জানানো হয় এবং ৩৩তম আবর্তনের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়। এ ছাড়া বিভাগের বিভিন্ন বর্ষের কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়।
মূল অনুষ্ঠান শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক পরিবেশনা শেষে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাকিলা নার্গিস খান সবাইকে ধন্যবাদ জানিয়ে দিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।