ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের প্রথম আন্তর্জাতিক শিক্ষার্থী মুলুবি ডানকানের বিদায় উপলক্ষে গত ১২ আগস্ট ২০২৬ বিভাগে এক বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। মুলুবি ডানকান বিভাগের এমএস ২০২৩–২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হিসেবে তাঁর স্নাতকোত্তর অধ্যয়ন সম্পন্ন করেন।
অনুষ্ঠানে মুলুবি ডানকান অণুজীববিজ্ঞান বিভাগে তাঁর শিক্ষা ও গবেষণার অভিজ্ঞতা তুলে ধরেন। বিভাগের গবেষণার পরিবেশ ও গবেষণাকাজের সুযোগ-সুবিধা নিয়ে তিনি সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে বিভাগে অধ্যয়নকালীন সময়ে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে পাওয়া আন্তরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ আচরণের প্রশংসা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগে কাটানো সময় তাঁর জন্য একটি স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে মুলুবি ডানকানকে নিয়ে নিজেদের অনুভূতি ও স্মৃতিচারণ করেন এমএস ২০২৩–২৪ শিক্ষাবর্ষের কোর্স কো-অর্ডিনেটর ড. আনোয়ারা বেগম, বিভাগের শিক্ষক ড. সঙ্গীতা আহমেদ এবং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাকিলা নার্গিস খান। তাঁরা মুলুবির শিক্ষাজীবন, বিভাগে তাঁর সময়কাল এবং শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে তাঁর আন্তরিক সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরেন এবং তাঁর ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানান।
শিক্ষার্থীদের পক্ষ থেকে এমএস ২০২৩–২৪ শিক্ষাবর্ষের রাফিদ মুনতাসির উল আজম ও নাবিলা খানম বিদায়ী বক্তব্য প্রদান করেন। তাঁরা সহপাঠী হিসেবে মুলুবির সঙ্গে কাটানো সময়ের স্মৃতিচারণ করেন এবং তাঁর আগামী দিনের শিক্ষা, গবেষণা ও কর্মজীবনের সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে বিভাগের পক্ষ থেকে মুলুবি ডানকানের হাতে শুভেচ্ছা স্মারক হিসেবে ক্রেস্ট ও ছবির অ্যালবাম তুলে দেওয়া হয়। পরে কেক কাটার মধ্য দিয়ে আয়োজনটি সমাপ্ত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের প্রথম আন্তর্জাতিক শিক্ষার্থী হিসেবে মুলুবি ডানকানের অধ্যয়ন সম্পন্ন করা বিভাগের জন্য একটি বিশেষ স্মরণীয় অধ্যায়। তাঁর বিদায় অনুষ্ঠানের মধ্য দিয়ে বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা তাঁর ভবিষ্যৎ পথচলার জন্য আন্তরিক শুভেচ্ছা ও সাফল্য কামনা করেন।