ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগে প্রথমবারের মতো ‘Day of Gratitude ২০২৬’ উদযাপন
|
অধ্যাপক ড. এম. আনিসুর রহমানের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইউনিভার্সিটি কলেজ লন্ডনের মধ্যে একটি লিংক প্রজেক্টের আওতায় ১৯৯৭ সালের ১৩ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্নে বিভাগে তিন বছর মেয়াদি স্নাতকোত্তর পর্যায়ের এম.এস. ও এম.ফিল. ইন ক্লিনিক্যাল সাইকোলজি প্রশিক্ষণ কোর্স চালু করা হয়। প্রতিষ্ঠার পর থেকে বিভাগটি বাংলাদেশে ক্লিনিক্যাল সাইকোলজির উচ্চশিক্ষা ও গবেষণার প্রসার, দক্ষ ও পেশাদার ক্লিনিক্যাল সাইকোলজিস্ট তৈরি এবং মানসিক স্বাস্থ্যসেবার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিভাগের এ দীর্ঘ পথচলায় যেসব সম্মানিত শিক্ষক, গবেষক ও শিক্ষার্থী তাঁদের জ্ঞান, প্রজ্ঞা, নিষ্ঠা, শ্রম ও দূরদর্শিতার মাধ্যমে বিভাগের ভিত্তি সুদৃঢ় করেছেন এবং এর অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশের লক্ষ্যে প্রথমবারের মতো ‘Day of Gratitude ২০২৬’ উদযাপন করা হয়। এ উপলক্ষ্যে ১৩ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত বিভাগের নাসিরুল্লাহ ফাউন্ডেশন কনফারেন্স হলে (কক্ষ নং-৫০৪০) একটি আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে ‘Day of Gratitude Speaker’ হিসেবে উপস্থিত ছিলেন ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের প্রতিষ্ঠা ও বিকাশে অগ্রণী ভূমিকা পালনকারী সম্মানিত শিক্ষক অধ্যাপক ড. মুহাম্মাদ মাহমুদুর রহমান, প্রো-ভাইস চ্যান্সেলর, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (IUBAT)। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভাগের চেয়ারম্যান ড. মোঃ শাহানুর হোসেন, অধ্যাপক কামাল উদ্দিন আহমেদ চৌধুরী, অধ্যাপক ড. কামরুজ্জামান মজুমদার, অনারারি অধ্যাপক ড. পারভীন হক সহ বিভাগের অন্যান্য শিক্ষক এবং প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ। |