২৮ অক্টোবর ২০২৬ তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিল্পকলার ইতিহাস বিভাগের উদ্যোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে "বাংলাদেশের গণমাধ্যমে জেন্ডার সংবেদনশীল ভাষা ব্যবহারের নীতিমালা পর্যালোচনা ও যথাযথ শব্দ ব্যবহারের সুপারিশ" শীর্ষক একটি উন্মুক্ত সেমিনার অনুষ্ঠিত হয়।
প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, জাগো ফাউন্ডেশন ট্রাস্ট এবং বাংলাদেশে নেদারল্যান্ডসের দূতাবাস এর সহযোগিতায় ‘লেখনীতে সমতা (Equality in Writing)’ কার্যক্রমের অংশ হিসেবে অনুষ্ঠিত এই সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন জনাব মো. মিনহাজ উদ্দীন, সহকারী অধ্যাপক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। তিনি গণমাধ্যমে জেন্ডার-সংবেদনশীল ভাষার ব্যবহার, সংবাদ ও সামাজিক পরিসরে নারীর প্রতিনিধিত্ব এবং নারীকে নেতিবাচক ও অসম্মানজনক শব্দের মাধ্যমে উপস্থাপনের প্রবণতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আলোচনার অংশ হিসেবে তিনি গণমাধ্যমে ব্যবহৃত বিভিন্ন আপত্তিকর ও বৈষম্যমূলক শব্দের উদাহরণ তুলে ধরেন এবং এসব শব্দের ব্যবহার কীভাবে নারীর মর্যাদা ক্ষুণ্ন করে ও সমাজে নেতিবাচক ধারণা তৈরি করে, তা বিশ্লেষণ করেন। একই সঙ্গে গণমাধ্যমে নারীকে সম্মানজনক, সংবেদনশীল ও বৈষম্যহীন ভাষায় উপস্থাপনের গুরুত্ব তুলে ধরেন।
সেমিনারে সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মোহাম্মদ আনওয়ারুস সালাম, চেয়ারম্যান, গণযোগাােযগ ও সংবাদিকতা বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়; অধ্যাপক ড. শেখ মনির উদ্দিন, চেয়ারম্যান, শিল্পকলার ইতিহাস বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়; জান্নাতুল ফেরদৌসি মানু, সিনিয়র নিউজ এডিটর, দেশ টিভি; সঞ্জয় দে রিপন, সহকারী অধ্যাপক, শিল্পকলার ইতিহাস বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর প্রতিনিধিবৃন্দ। তাঁরা সকলে গণমাধ্যমে ভাষার দায়িত্বশীল ব্যবহার, সংবাদে নারীর প্রতিনিধিত্ব এবং জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতার নানামুখী প্রয়োজনীয়তা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন।
সেমিনারে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। তাঁদের আন্তরিক উপস্থিতি ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজনটি প্রাণবন্ত ও আন্তঃক্রিয়ামূলক হয়ে ওঠে। প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা সেমিনারের বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন। এসব প্রশ্নের সূত্র ধরে গণমাধ্যমে নারীর উপস্থাপন, বৈষম্যমূলক শব্দের সামাজিক প্রভাব এবং সংবাদ পরিবেশনে ভাষার দায়িত্বশীলতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনায় উঠে আসা বিভিন্ন উদাহরণ শিক্ষার্থীদের মধ্যে জেন্ডার-সংবেদনশীল ভাষা ও সম্মানজনক শব্দ ব্যবহারের গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরিতে ভূমিকা রাখে।
‘লেখনীতে সমতা (Equality in Writing)’ প্রকল্পের আওতায় দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে জেন্ডার-সংবেদনশীলতা ও দায়িত্বশীল ভাষার ব্যবহার নিয়ে ধারাবাহিক সেমিনার আয়োজন করা হবে। এ ধরনের আলোচনা শিক্ষার্থী ও ভবিষ্যৎ গণমাধ্যমকর্মীদের ভাষা ব্যবহারে আরও সচেতন, দায়িত্বশীল ও সংবেদনশীল হতে উৎসাহিত করবে।