Latest News

‘লেখনীতে সমতা’ কার্যক্রমের দ্বিতীয় সেমিনার অনুষ্ঠিত

Published November 17, 2026 Department of Art History
All Latest News

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিল্পকলার ইতিহাস বিভাগের উদ্যোগে, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, জাগো ফাউন্ডেশন ট্রাস্ট এবং বাংলাদেশে নেদারল্যান্ডসের দূতাবাসের সহযোগিতায় পরিচালিত ‘লেখনীতে সমতা’ কার্যক্রমের অংশ হিসেবে আজ ১৬ নভেম্বর ২০২৬, সোমবার, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) স্থায়ী ক্যাম্পাসে দ্বিতীয় সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে সমকালীন সমাজে ভাষার মধ্য দিয়ে জেন্ডার বৈষম্যের প্রকাশ ও পুনরুৎপাদন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence) দ্বারা তৈরি একাডেমিক লেখায় জেন্ডার পক্ষপাতের উপস্থিতি নিয়ে দুটি গবেষণাপত্র উপস্থাপিত হয়।

প্রথম প্রবন্ধ: “নোয়াখালীর উপভাষায় জেন্ডার-সংবেদনশীল ও জেন্ডার-অসংবেদনশীল শব্দভাণ্ডার: একটি নারীবাদী ভাষাতাত্ত্বিক বিশ্লেষণ” শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন সাদিয়া আফরিন, সিনিয়র লেকচারার ও কো-অর্ডিনেটর, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ।
তিনি জেন্ডার-সংবেদনশীলতার প্রশ্নকে সামনে রেখে দেখান, ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়; বরং ভাষার শব্দচয়ন, প্রকাশভঙ্গি ও প্রচলিত বাচনরীতি সমাজে নারী-পুরুষের অবস্থান, পরিচয় এবং ক্ষমতার সম্পর্ক নির্মাণেও ভূমিকা রাখে। বিশেষত নোয়াখালীর উপভাষায় ব্যবহৃত বিভিন্ন শব্দ ও অভিব্যক্তির বিশ্লেষণের মধ্য দিয়ে তিনি তুলে ধরেন, কীভাবে একই ধরনের আচরণ বা বৈশিষ্ট্যের ক্ষেত্রে নারী ও পুরুষের জন্য ভিন্ন ভিন্ন শব্দ প্রয়োগ করা হয়। নারীর ক্ষেত্রে অনেক সময় নেতিবাচক, অবমাননাকর কিংবা চরিত্রকেন্দ্রিক শব্দ ব্যবহৃত হলেও পুরুষের ক্ষেত্রে একই ধরনের বৈশিষ্ট্য ইতিবাচক অর্থে প্রকাশিত হয়। এভাবে ভাষার প্রচলিত ব্যবহার নারীর জন্য নেতিবাচক এবং পুরুষের জন্য ইতিবাচক সামাজিক ধারণা তৈরি ও প্রতিষ্ঠায় ভূমিকা রাখে।
গবেষণায় নারীর প্রান্তিক অবস্থানকে দুটি গুরুত্বপূর্ণ মাত্রায় বিশ্লেষণ করা হয়—নারী কীভাবে কথা বলে এবং নারীকে নিয়ে কীভাবে কথা বলা হয়। পাশাপাশি গৃহস্থালি কাজের ক্ষেত্রে নারীর শ্রমকে সমাজ কীভাবে স্বাভাবিক ও অদৃশ্য শ্রম হিসেবে বিবেচনা করে এবং অন্যদিকে, একই গৃহস্থালি কাজে পুরুষের অংশগ্রহণের ক্ষেত্রে অনেক সময় তাঁর পৌরুষত্ব নিয়ে প্রশ্ন তোলা হয় এবং তাঁকে অবজ্ঞাসূচক ও নেতিবাচক শব্দে অভিহিত করা হয়; তারও ভাষাতাত্ত্বিক বিশ্লেষণ তুলে ধরা হয়। গবেষণার ফলাফলে নারীর প্রতি জেন্ডার-অসংবেদনশীল, নেতিবাচক ও অবমাননাকর শব্দপ্রয়োগের প্রবণতা বিশেষভাবে প্রতিফলিত হয়। তাঁর উপস্থাপনা আমাদের সামনে ভাষার প্রচলিত ব্যবহারের অন্তর্নিহিত বৈষম্য এবং দৈনন্দিন শব্দচয়নের মধ্য দিয়ে জেন্ডার অসমতা টিকে থাকার বিষয়টি নতুনভাবে ভাবার অবকাশ তৈরি করে।


দ্বিতীয় প্রবন্ধ: “বাংলাদেশের উচ্চশিক্ষায় জেনারেটিভ এআই-নির্মিত একাডেমিক টেক্সটে জেন্ডার পক্ষপাত বিশ্লেষণ: একটি মিশ্র-পদ্ধতিভিত্তিক প্রাথমিক ডেটাসেট ও ডিসকোর্স পর্যালোচনা” শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন লাবনী আশরাফি, সিনিয়র লেকচারার, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ।
বর্তমান ডিজিটাল যুগের অত্যন্ত প্রাসঙ্গিক একটি বিষয়কে গবেষণার আওতায় এনে তিনি ChatGPT, Gemini, Claude-সহ বিভিন্ন Generative AI টুলের তৈরি একাডেমিক লেখায় জেন্ডার পক্ষপাতের উপস্থিতি বিশ্লেষণ করেন। তাঁর প্রাথমিক গবেষণায় দেখা যায়, কৃত্রিম বুদ্ধিমত্তার তৈরি লেখাতেও সমাজে প্রচলিত জেন্ডারভিত্তিক ধারণা ও স্টেরিওটাইপের প্রতিফলন ঘটছে।
গবেষণায় দেখা যায়, কোনো পেশার সঙ্গে নির্দিষ্ট জেন্ডারের উল্লেখ না থাকলেও Nurse সম্পর্কে লিখতে বললে অনেক ক্ষেত্রে নারী এবং Scientist সম্পর্কে লিখতে বললে পুরুষের প্রতিচ্ছবি তৈরি হচ্ছে। একইভাবে Lawyer ও House Service Worker-এর মতো পেশার ক্ষেত্রেও প্রচলিত সামাজিক ধারণার প্রভাব লক্ষ করা যায়। অর্থাৎ, কৃত্রিম বুদ্ধিমত্তা অনেক সময় মানুষের সমাজে বিদ্যমান জেন্ডার পক্ষপাতকেই তার তৈরি লেখার মধ্য দিয়ে পুনরুৎপাদন করছে।
গবেষক এ ধরনের পক্ষপাত শনাক্ত ও হ্রাস করার ক্ষেত্রে শিল্পকলা, মানবিক ও সামাজিক বিজ্ঞানের গবেষকদের পাশাপাশি প্রকৌশল ও প্রযুক্তিবিষয়ক গবেষকদেরও সম্পৃক্ত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। প্রযুক্তির উন্নয়নের পাশাপাশি সেটিকে আরও জেন্ডার-সংবেদনশীল, অন্তর্ভুক্তিমূলক ও সমতাভিত্তিক করে গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
দুটি গবেষণাপত্রের উপস্থাপনার পর উপস্থিত শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে আলোচনায় অংশগ্রহণ করেন। তাঁরা বিভিন্ন প্রশ্ন উত্থাপন, মতামত প্রদান এবং নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেন। বিশেষ করে দৈনন্দিন জীবনে ব্যবহৃত শব্দ ও ভাষার মধ্য দিয়ে কীভাবে জেন্ডারভিত্তিক ধারণা ও বৈষম্য প্রকাশ পায়, সে বিষয়ে তাঁদের উপলব্ধি ও সচেতনতার কথা তুলে ধরেন। পাশাপাশি ভবিষ্যতে নিজেদের ভাষা ও শব্দচয়নে আরও দায়িত্বশীল ও সংবেদনশীল হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
আলোচকবৃন্দ তাঁদের বক্তব্যে উপস্থাপিত গবেষণার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং শিক্ষা, গবেষণা, ভাষা ও প্রযুক্তির ক্ষেত্রে জেন্ডার-সংবেদনশীলতার চর্চা বাড়ানোর ওপর গুরুত্ব দেন। নিজ নিজ অভিজ্ঞতা ও কর্মক্ষেত্রের আলোকে তাঁরা জেন্ডার সমতা প্রতিষ্ঠায় সচেতনতা, দায়িত্বশীল ভূমিকা এবং সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান জনাব বেগম শারমিনুর নাহার সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে সেমিনারের কার্যক্রম শেষ হয়।

Link copied