ডিইউডিএস-অ্যাকশনএইড বার্ষিক বিতর্ক উৎসব গতকাল ২৭ সেপ্টেম্বর ২০২৬ রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে শেষ হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অ্যাকশনএইডের সহযোগিতায় ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি দুদিনব্যাপী এই উৎসব আয়োজন করে।
ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি মো. সাজিদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির মডারেটর অধ্যাপক ড. আমিরুস সালাত, লিড ইউথ রেজিলিয়েন্স এন্ড ক্লাইমেট এক্সচেঞ্জ অ্যাকশনএইড-এর নাজমুল আহসান এবং সিনিয়র অফিসার জোহরা বিনতে জামান বনি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী চিন্তার বিকাশ ও জ্ঞানের প্রসারে বিতর্ক চর্চার উপর গুরুত্বারোপ করে বলেন, বিতর্কের মাধ্যমে বিভিন্ন বিষয় গভীরভাবে বিশ্লেষণ করার সক্ষমতা বাড়ে। যুক্তির মাধ্যমে নিজের মতামত প্রকাশেরও দক্ষতা অর্জিত হয়। বিতর্ক চর্চার মাধ্যমে দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে উঠে গণতান্ত্রিক সমাজ বিনির্মাণে ভূমিকা রাখার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, দেশের ২৪টি বিশ্ববিদ্যালয় এবং ১৬টি স্কুল-কলেজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় রানার্স-আপ হয়েছে। স্কুল-কলেজ পর্যায়ে রাজউক উত্তরা মডেল স্কুল এন্ড কলেজ চ্যাম্পিয়ন এবং ঢাকা কলেজ রানার্স-আপ হয়েছে।
মোহাম্মদ রফিকুল ইসলাম
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়