ঢাকা বিশ্ববিদ্যালয় ইনোভেশন ক্রিয়েটিভিটি এন্ড এন্টারপ্রিনিউরশীপ সেন্টারের উদ্যোগে “AI and Innovation-Driven Entrepreneurship” শীর্ষক সেমিনার আজ ০৪ অক্টোবর ২০২৬ রবিবার কারাস (CARASS) ভবনের আইসিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। “Capacity Building of Universities in Bangladesh to Promote Youth Entrepreneurship Project ”- শীর্ষক প্রকল্পের আওতায় এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
উপ প্রকল্প পরিচালক ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের সহযোগী অধ্যাপক ড. অদিতী শামস-এর সভাপতিত্বে সেমিনারে কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (KOICA) ডেপুটি কান্ট্রি ডিরেক্টর মি. কিহুন সিওং (Mr. Kihun Seong) এবং প্রকল্প পরিচালক অর্গ্যানাইজেশন স্ট্র্যাটেজি এন্ড লিডারশীপ বিভাগের সহযোগী অধ্যাপক মো. রাশেদুর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অ্যাডভান্সড এআই ল্যাব লিমিটেডের প্রতিষ্ঠাতা মোহাম্মদ অলি আহাদ মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, শিক্ষা, ব্যবসা, প্রযুক্তি ও কর্মসংস্থানসহ বিভিন্ন ক্ষেত্রে বিশ্বে এআই-এর ব্যবহার দ্রুত বাড়ছে। বিশ্বের সঙ্গে তালমিলিয়ে আমাদের এআই বিষয়ে দক্ষ জনশক্তি তৈরি করতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোতে উদ্ভাবনের পরিবেশ গড়ে তুলতে হবে এবং দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা আরও বাড়াতে হবে। তিনি বলেন, এআই ব্যবহারের ক্ষেত্রে ডিজিটাল বৈষম্য ও দক্ষতার ঘাটতি দূর করা জরুরি। মানসম্মত ডেটা নিশ্চিত ও এআই ব্যবহারে নৈতিকতা বজায় রাখার উপর তিনি গুরুত্বারোপ করেন।

০৪/১০/২০২৬
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
পরিচালক
জনসংযোগ দপ্তর
ঢাকা বিশ্ববিদ্যালয়