জলবায়ু সহনশীল পানি ব্যবস্থাপনায় এআই ব্যবহারের উপর গুরুত্বারোপ
‘বাংলাদেশে জলবায়ু-সহনশীল পানি ব্যবস্থাপনার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা আজ ২৪ নভেম্বর ২০২৬ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক এম. এ. লতিফ মিলনায়তনে শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালা উদ্বোধন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়, কানাডার ইউনিভার্সিটি অফ টরন্টো এবং যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডন (ইউসিএল) যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে। কানাডিয়ান ইনস্টিটিউট ফর অ্যাডভান্সড রিসার্চ, ইউনিভার্সিটি অফ টরন্টোর ভেক্টর ইনস্টিটিউট এবং ‘পেল ব্লু এআই’ কর্মশালা আয়োজনে সহায়তা করছে।
ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. কাজী মতিন উদ্দিন আহমেদের সভাপতিত্বে আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর, ডিজাস্টার সায়েন্স এন্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের চেয়ারম্যান বি এম রাব্বী হোসেন, পানি সম্পদ পরিকল্পনা সংস্থার মহাপরিচালক ড. মোহাম্মদ লুৎফুর রহমান এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. রুহুল আমিন বক্তব্য রাখেন। ভূতত্ত্ব বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. বদরুদ্দোজা মিয়া স্বাগত বক্তব্য দেন । কানাডার ইউনিভার্সিটি অফ টরন্টোর অধ্যাপক রিচার্ড টেলর ‘বাংলাদেশে জলবায়ু-সহনশীল পানি ব্যবস্থাপনার ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা টুলস তৈরিতে পর্যবেক্ষণের মৌলিক ভূমিকা’ বিষয়ক একটি বক্তব্য দেন। ইউনিভার্সিটি কলেজ লন্ডনের অধ্যাপক মোহাম্মদ শামসুদ্দোহা কর্মশালার উদ্দেশ্য-সমূহ তুলে ধরেন।
প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম বলেন, পানি ব্যবস্থাপনার গুণগত মান ও পরিমাণ—উভয় দিক থেকেই বাংলাদেশ চ্যালেঞ্জের মুখে রয়েছে। আমাদের পর্যাপ্ত পরিমাণে ভালো খাবার পানি নেই। নদীদূষণ, ভূগর্ভস্থ পানিতে আর্সেনিকের উপস্থিতি দিন দিন বাড়ছে এবং পানির স্তর ক্রমাগত কমে যাচ্ছে। এসব সমস্যা সমাধানে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের কর্মশালার মাধ্যমে পানিসম্পদ ব্যবস্থাপনায় দক্ষ ও প্রশিক্ষিত জনবল গড়ে তোলার সুযোগ তৈরি হবে। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক অঙ্গনে সম্মানজনক পর্যায়ে এগিয়ে নিতে শিক্ষার মান ও গবেষণার পরিবেশ উন্নয়নের দিকে গুরুত্ব দিতে হবে। শুধু গবেষণাপত্রের সংখ্যা বাড়ানো নয়, বরং গবেষণার মান ও এর বাস্তব প্রয়োগ নিশ্চিত করতে হবে। আমাদের এমন গবেষণা করতে হবে যা-বাংলাদেশের পানি সমস্যার সমাধানে সরাসরি অবদান রাখতে পারে।
উল্লেখ্য, কর্মশালায় বিভিন্ন সরকারি সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৩০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। দুই দিনব্যাপী এই কর্মশালার লক্ষ্য হলো বাংলাদেশের সরকারি সংস্থা ও শিক্ষাঙ্গনের বিজ্ঞানী ও গবেষকদের কারিগরি সক্ষমতা জোরদার করা। ইউনিভার্সিটি কলেজ লন্ডন (ইউসিএল) এবং ইউনিভার্সিটি অফ টরন্টো (ইউ-অফ-টি)-এর গবেষকরা রিসোর্স পার্সন হিসেবে কর্মশালায় অংশ নিচ্ছেন। কর্মশালাটি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডেটা অ্যানালিটিক্সের ওপর প্রশিক্ষণের সুযোগ তৈরি করবে, যা জলবায়ু-সহনশীল পানি ব্যবস্থাপনাকে এগিয়ে নিতে এবং ‘বাংলাদেশ ডেল্টা প্ল্যান ২১০০’-এর তথ্য-নির্ভর বাস্তবায়নে সহায়তা করবে বলে আয়োজকরা আশা করছেন।

২৪/১১/২০২৬
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়