ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ ‘আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের’ শিক্ষার্থীদের পরিচিতি সভা আজ ২৬ এপ্রিল ২০২৬ রবিবার ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দফতর এই পরিচিতি অনুষ্ঠানের আয়োজন করে।
ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দফতরের পরিচালক অধ্যাপক ড. মেহ্জাবীন হকের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা প্রধান অতিথি এবং বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম ও চারুকলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক এ এ এম কাওসার হাসান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ শুভেচ্ছা বক্তব্য দেন। একাউন্টিং বিভাগের তাসনিম সুলতান হিমেল, অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের অনিক দে এবং ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের রাফিহা তাহরিন ইসলাম নবীন শিক্ষার্থীদের পক্ষে অনুভূতি প্রকাশ করেন। এসময় বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও ছাত্র-উপদেষ্টাগণ উপস্থিত ছিলেন।
প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা পরিবার, সমাজ ও জাতির প্রত্যাশা পূরণে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, বিশ্বায়নের প্রতিযোগিতায় টিকে থাকতে শিক্ষার্থীদের এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে নিজেদের আপডেট রাখতে হবে। দক্ষ মানবসম্পদ এবং ভালো মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। বাংলা ভাষার পাশাপাশি যেকোন একটি বিদেশি ভাষায় পারদর্শী হওয়ার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যবীমার সুবিধা-সহ বিভিন্ন সুযোগ-সুবিধা রয়েছে। সময় ও সুযোগের সর্বোচ্চ সদ্ব্যবহারের মাধ্যমে নিজেদের যথাযথভাবে প্রস্তুত করার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
বিজনেস স্টাডিজ অনুষদ ও চারুকলা অনুষদ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউট, ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট এবং পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের শিক্ষার্থীরা পরিচিতি সভায় অংশগ্রহণ করেন।

২৬/০৪/২০২৬
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়