বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ ২৬ এপ্রিল ২০২৬ রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয় জাপানিজ স্টাডিজ বিভাগের ১০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিলো আলোচনা সভা, কার্নিভাল, কেক কাটা প্রভৃতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠান উদ্বোধন করেন।
অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকাস্থ জাপান দূতাবাসের জনসংযোগ ও সংস্কৃতি শাখার প্রধান মি. আওইয়াগি ইউ (Mr. Aoyagi Yu) বিশেষ অতিথি এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মঈনুল ইসলাম সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য দেন অধ্যাপক ড. আব্দুল্লাহ্-আল-মামুন। বিভাগের শিক্ষার্থী আল-ওসাইমিন ইফতি এবং নানজীবা তাসনিম অনুষ্ঠান সঞ্চালন করেন।
উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, জাপানিজ স্টাডিজ বিভাগ শিক্ষা, গবেষণা, ভাষা ও সংস্কৃতির চর্চা-সহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধির ক্ষেত্রে এই বিভাগ আরও কার্যকর ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি বলেন, জাপান আমাদের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু ও অন্যতম বৃহৎ উন্নয়ন সহযোগী। বাংলাদেশ এবং জাপানের মধ্যে বিরাজমান এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারের ক্ষেত্রেও জাপান স্টাডিজ বিভাগ অগ্রণী ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

২৬/০৪/২০২৬
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়