ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষাবিজ্ঞান বিভাগের বিভিন্ন বর্ষের সেমিস্টার ফাইনাল পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ অর্জন করায় ১০ জন শিক্ষার্থীকে ‘অধ্যাপক ড. আবুল কালাম মনজুর মোরশেদ ট্রাস্ট ফান্ড’ বৃত্তি প্রদান করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম আজ ১৮ মে ২০২৬ সোমবার আর সি মজুমদার আর্টস অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ এবং ট্রাস্ট ফান্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে ‘অধ্যাপক ড. আবুল কালাম মনজুর মোরশেদ : স্মৃতি সত্তায় অনন্ত’ শীর্ষক স্মারক বক্তৃতা প্রদান করেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক ও ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো আবুল কালাম সরকার। স্বাগত বক্তব্য দেন ট্রাস্ট ফান্ডের দাতা প্রয়াত অধ্যাপক ড. আবুল কালাম মনজুর মোরশেদ-এর কন্যা মনজুলা মোরশেদ এবং ধন্যবাদ জ্ঞাপন করেন ভাষাবিজ্ঞান বিভাগের চেয়ারপার্সন ড. মনিরা বেগম। অনুষ্ঠান সঞ্চালন করেন বিভাগীয় প্রভাষক মোহাম্মদ ইনজামাম।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, রিয়া আক্তার, মো. আলামীন মিয়া, বন্যা বসু, মো. মহিবুল্লাহ, মোছা. শরিফা আক্তার, আলফি শাহরিন বুশরা, মোছা. রিয়া আক্তার, জান্নাতুল ফেরদৌস মীম, হাসনাদাদ খান স্বচ্ছ এবং আসমা আক্তার।
উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম প্রয়াত অধ্যাপক ড. আবুল কালাম মনজুর মোরশেদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, তিনি তাঁর কাজের মাধ্যমে আমাদের মাঝে বেঁচে থাকবেন। তিনি ছিলেন সমাজ চিন্তক, গবেষক, সর্বোপরি একজন পন্ডিত ব্যক্তি। তাঁর বিনয়াচরণ সকলের জন্য অনুকরণীয়। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে উপাচার্য বলেন, এমন একজন পন্ডিত ব্যক্তিকে শ্রদ্ধাভরে স্মরণ রাখতে হবে এবং তাঁর কর্ম ও চিন্তাকে বাঁচিয়ে রাখতে হবে।
উল্লেখ্য, একুশে পদকসহ বিভিন্ন সম্মাননা ও পুরস্কারে ভূষিত ভাষাবিজ্ঞানী অধ্যাপক ড. আবুল কালাম মনজুর মোরশেদ ১৯৩৮ সালে জন্মগ্রহণ করেন এবং ২০২৩ সালে ইন্তেকাল করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগ এবং ভাষাবিজ্ঞান বিভাগে তিনি অধ্যাপনা করেন।

১৮/০৫/২০২৬
(মোহাম্মদ রফিকুল ইসলাম )
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়