ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের উদ্যোগে “জাতীয় শ্রম আইন থাকা সত্ত্বেও আন্তর্জাতিক শ্রমমান কেন প্রয়োজন?” শীর্ষক এক সেমিনার আজ ১৮ মে ২০২৬ সোমবার বিভাগীয় সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
কাজাখস্তানের মাকসুত নারিকবায়েভ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক নিকিতা ল্যুতোভ, ঢাকা বিশ্ববিদ্যালয় আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মাদ ইকরামুল হক এবং আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. তৌহিদুল ইসলাম সেমিনারে বক্তব্য রাখেন। এসময় আইন বিভাগের অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, সহযোগী অধ্যাপক ড. তাসলিমা ইয়াসমীন এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর প্রোগ্রাম অফিসার ইশতিয়াক আহমেদ সেমিনারে উপস্থিত ছিলেন। ।
সেমিনারে বক্তারা বলেন, জাতীয় শ্রম আইন একটি দেশের শ্রম ব্যবস্থার মূল কাঠামো। তবে আন্তর্জাতিক শ্রমমান শ্রমিকদের অধিকার সুরক্ষায় বৈশ্বিক মানদণ্ড নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাঁরা শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, সংগঠন করার স্বাধীনতা এবং বৈষম্যহীন কর্মসংস্থানের উপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, আন্তর্জাতিক শ্রম সংস্থার বিভিন্ন কনভেনশন বাস্তবায়নে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করলেও শ্রম অধিকার নিশ্চিতকরণে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।
অনুষ্ঠানে শ্রমিকদের অধিকার, শ্রম আইন এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার (ILO) বিভিন্ন কনভেনশনের আলোকে বাংলাদেশের বর্তমান অবস্থান নিয়ে আলোচনা করা হয়।
সেমিনারে আইন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, গবেষক এবং শ্রম আইন বিষয়ে আগ্রহী বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
১৮/০৫/২০২৬
(মোহাম্মদ রফিকুল ইসলাম )
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়