শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আজ ৩০ মে ২০২৬ শনিবার বাদ আসর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআ’য় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবন ও কর্ম নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক মো. লুৎফর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন। এ সময় বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রভোস্ট-সহ বিপুল সংখ্যক শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, তিনি বাংলাদেশের সকল অর্জনের একমাত্র কৃতিত্বের দাবিদার। তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন এবং সেক্টর কমান্ডার হিসেবে সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে অংশ নেন। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। দেশ ও জাতির প্রয়োজনে তিনি সর্বদা ত্রাতার ভূমিকা পালন করেন। একদলীয় শাসন থেকে তিনি দেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেন। ক্ষুধা ও দারিদ্র্য থেকে দেশকে উদ্ধার করে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলেন। তাঁর সততা, দেশপ্রেম ও পররাষ্ট্রনীতি এখনো সকলের জন্য অনুকরণীয়| শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশে সুশাসন ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
৩০/০৫/২০২৬
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়