গবেষণার উন্নয়নের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভূতত্ত্ব বিভাগে ১ কোটি টাকার এনডাউমেন্ট ফান্ড গঠন করা হয়েছে। ভূতত্ত্ব বিভাগের প্রয়াত প্রাক্তন শিক্ষার্থী মীর ময়নুল হক এবং তাঁর এম এস তত্ত্বাবধায়ক প্রাক্তন ইউনেস্কো অধ্যাপক ড. জন আলফ্রেড ট্যালেন্ট-এর স্মৃতি রক্ষার্থে এই এনডাউমেন্ট ফান্ড গঠন করা হয়। ‘মীর ময়নুল হক এন্ড জন ট্যালেন্ট মেমোরিয়াল এনডাউমেন্ট ফান্ড’ গঠনের লক্ষ্যে প্রয়াত মীর ময়নুল হকের ছোট ভাই ড. মীর মুবিনুল হক ১ কোটি টাকার একটি চেক আজ ০২ জুন ২০২৬ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালামের কাছে হস্তান্তর করেন।
ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক এম এ লতিফ মিলনায়তনে আয়োজিত চেক হস্তান্তর অনুষ্ঠানে আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর, ভূতত্ত্ব বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. বদরুদ্দোজা মিয়া, প্রয়াত মীর ময়নুল হকের সহোদর মীর মফিদুল হক, বিভাগীয় শিক্ষকবৃন্দ, ভূতত্ত্ব অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ এবং দাতা পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এনডাউমেন্ট ফান্ডের ৩০ ভাগ অর্থ দিয়ে ভূতত্ত্ব বিভাগে ‘ময়নুল-ট্যালেন্ট গ্র্যাজুয়েট রিসার্চ ল্যাবরেটরী’ স্থাপন করা হবে। অবশিষ্ট ৭০ ভাগ টাকার লভ্যাংশ থেকে গ্র্যাজুয়েট রিসার্চারদের পিএইচডি ও এমফিল গবেষণা, এমএস ফেলোশিপ , স্কলারশিপ ও ফিল্ড ওয়ার্ক সংক্রান্ত কাজে ব্যবহার করা হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম এনডাউমেন্ট ফান্ড গঠনের জন্য দাতা পরিবারকে ধন্যবাদ জানান। এই অনুদান বিভাগের গবেষণা কার্যক্রমের আধুনিকায়ন ও সম্প্রসারণে সহায়ক ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন। এনডাউমেন্ট ফান্ডের দাতা ড. মীর মুবিনুল হকের দৃষ্টান্ত অনুসরণ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণায় এগিয়ে আসার জন্য তিনি অ্যালামনাইদের প্রতি আহ্বান জানান।

০২/০৬/২০২৬
(মোহাম্মদ রফিকুল ইসলাম )
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়