গবেষণা ও প্রযুক্তিগত উন্নয়নের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং মার্জিয়া করিম ফাউন্ডেশন-এর মধ্যে আজ ১১ জুন ২০২৬ বৃহস্পতিবার একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং মার্জিয়া করিম ফাউন্ডেশন-এর নির্বাহী পরিচালক সাইয়েদ আবদুল্লাহ আল-মুতি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
উপাচার্যের সভাকক্ষে আয়োজিত এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক হোসনে আরা বেগম, অধ্যাপক ড. সুমেরা আহসান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এই সমঝোতা স্মারকের আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম উন্নয়ন এবং গবেষণা প্রকল্পে মার্জিয়া করিম ফাউন্ডেশন কারিগরি সহযোগিতা প্রদান করবে। এছাড়া, ট্রাস্ট ফান্ড গঠন কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে প্রতিষ্ঠানটি ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রযুক্তিগত সহযোগিতা প্রদান করবে। উভয় প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে বিভিন্ন সেমিনার ও কর্মশালার আয়োজন করা হবে।

১১/০৬/২০২৬
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়