সমাজবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইফতার ও দোয়া মাহফিল-২০২৬ অনুষ্ঠিত
৩রা মার্চ, ২০২৬
অত্যন্ত ভাবগাম্ভীর্য, ধর্মীয় মর্যাদা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের ৫১৬ নং কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সমাজবিজ্ঞান বিভাগের সম্মানিত চেয়ারপার্সন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. ফাতেমা রেজিনা ইকবাল।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
- অধ্যাপক ড. এম আনোয়ার হোসেন, সদস্য, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
- অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, মাননীয় উপাচার্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।
- অধ্যাপক ড. তৈয়েবুর রহমান, ডিন (ভারপ্রাপ্ত), সামাজিক বিজ্ঞান অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
এছাড়াও উপস্থিত ছিলেন বিভাগের শিক্ষক অধ্যাপক সালমা আক্তার মিশন, জনাব মাহবুব কায়সার, ড. লিপন মন্ডল, পপুলেশন সায়েন্স বিভাগের অধ্যাপক আমিনুল হকসহ বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ, প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ এবং বিভাগের বিপুল সংখ্যক শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
বিকেল ০৫:১৫ টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর হামদ ও নাত পরিবেশন করেন বিভাগের শিক্ষার্থীরা। সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা পবিত্র রমজানের তাৎপর্য ও সামাজিক জীবনে এর প্রভাব নিয়ে আলোকপাত করেন।
বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. ফাতেমা রেজিনা ইকবাল ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে সমাজ ও দেশ গঠনে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানান। তিনি এই সফল আয়োজনের জন্য ছাত্র-শিক্ষক এবং স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
ইফতারের পূর্ব মুহূর্তে দেশ, জাতি এবং বিশ্ববিদ্যালয়ের মঙ্গল কামনায় এবং এ.কে. নাজমুল করিমসহ বিভাগের প্রয়াত শিক্ষকবৃন্দের ইসালে সওয়াবের উদ্দেশ্যে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে প্রায় ৩৭০ জন শিক্ষক ও শিক্ষার্থী সম্মিলিতভাবে ইফতার গ্রহণ করেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগের এম.এস.এস. ২য় সেমিস্টারের শিক্ষার্থী জয়নাল আবেদীন।
ইফতার পরবর্তী বিভাগের করিডোরে শ্রদ্ধেয় শিক্ষক জনাব মাহবুব কায়সারের ইমামতিতে জামাতের সাথে মাগরিবের নামাজ আদায় করা হয়। বিপুল সংখ্যক শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং আয়োজক কমিটির সুশৃঙ্খল ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়।
পবিত্র রমজানের আবহে অত্যন্ত চমৎকার ও সুনিপুণ আলোকসজ্জা এবং চাঁদ-তারার মোটিফে সজ্জিত করা হয়েছিল বিভাগের করিডোর ও অনুষ্ঠানস্থল, যা উপস্থিত সকলের নজর কেড়েছে। সমাজবিজ্ঞান বিভাগ সবসময়ই এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করতে প্রতিশ্রুতিবদ্ধ।