ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের উদ্যোগে দুই দিনব্যাপী ১২ ও ১৩ মে, ২০২৬ ‘সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সিরাজুল ইসলাম লেকচার হল (SILH) এবং এ আর মল্লিক লেকচার হলে (ARMLH) এই বর্ণাঢ্য উৎসবের আয়োজন করা হয়েছে। কেবল পাঠ্যবইয়ের পাতায় সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীদের সৃজনশীল মননশীলতার বিকাশ, ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক চর্চাকে বেগবান করতেই এই বিশেষ সপ্তাহের আয়োজন করা হয়েছে। ১২ মে ২০২৬ সকাল ১০.০০টায় ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আশফাক হোসেন এই আয়োজনের শুভ উদ্বোধন ঘোষণা করেন। দুই দিনব্যাপী এই আয়োজনে একক গান, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, আলোকচিত্র প্রদর্শনী, একক নৃত্য, ফ্যাশন-শো ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ছিল শিক্ষার্থীদের স্বহস্তে তৈরি দেশীয় ও ঐতিহ্যবাহী খাবার এবং বিভিন্ন বাজারজাত পণ্যের প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র। ইতিহাস বিভাগের এই আয়োজন শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।