ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম গতিশীল করা, শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, শিক্ষার্থীদের জীবনমান উন্নয়ন, সহশিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রম জোরদার এবং আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়ের অবস্থানকে আরও সম্মানজনক পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নানামুখী উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন অব্যাহত রয়েছে। এ সপ্তাহের বিভিন্ন কর্মসূচির হালনাগাদ তথ্য পরিবেশিত হলো:
১। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণের লক্ষ্যে ৫ আগস্ট ২০২৬ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সংলগ্ন মল চত্বরে ‘জুলাই স্মৃতি স্তম্ভ’-এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। এতে উপাচার্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা), প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন), কোষাধ্যক্ষ, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এবং কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে সকালে উপাচার্যের সভাকক্ষে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সম্মানে এক চা-চক্রের আয়োজন করা হয়।
পরে সকাল ১১টায় ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপাচার্য। অনুষ্ঠানে জুলাই গণ- অভ্যুত্থানে শহীদ পরিবারের ৫জন সদস্যকে সম্মাননা দেওয়া হয়।
২। জুলাই গণ-অভ্যুত্থান দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগ, হল, ইনস্টিটিউটে আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচি পালন করা হয়েছে ঃ
আইন অনুষদ ‘ফ্যাসিবাদ থেকে গণতন্ত্রের অভিযাত্রা’ শীর্ষক সেমিনার, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ ‘স্মরণে জুলাই:স্মৃতিচারণ ও আলোচনা অনুষ্ঠান’, ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট আলোচনা সভা ও দোয়া মাহফিল, দর্শন বিভাগে ‘জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪’ শীর্ষক আলোচনা সভা, ফার্মেসী বিভাগ আলোচনা সভা, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল অনুষ্ঠানমালা, সলিমুল্লাহ মুসলিম হল জুলাই বিপ্লব ও ছাত্র গণ-অভ্যুত্থান স্মরণে স্মৃতিচারণমূলক আলোচনা সভা ও দোয়া মাহফিল, অণুজীব বিজ্ঞান বিভাগ “জুলাই বিপ্লব ও ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান” শীর্ষক অনুষ্ঠান, জীববিজ্ঞান অনুষদ ‘জুলাই গণ-অভ্যুত্থান : শিক্ষা ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক সেমিনার, অমর একুশে হল ‘জুলাই গণঅভ্যুত্থান : ছাত্র জনতার আকাক্সক্ষা ও আগামীর বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা, জগন্নাথ হল ‘জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪: আকাক্সক্ষা ও বাস্তবতা’ শীর্ষক বক্তৃতা প্রতিযোগিতা, পদার্থবিজ্ঞান বিভাগ ‘জুলাই বিপ্লব ও গণ-অভ্যুত্থান: স্মৃতিচারণ ও আলোচনা সভা ২০২৬’ শীর্ষক এক সেমিনার, সমাজবিজ্ঞান বিভাগ ‘জুলাইয়ের প্রশ্ন ও প্রত্যাশা: সমাজবিজ্ঞান শিক্ষার্থীদের পর্যালোচনা’ শীর্ষক এক সেমিনার, ফলিত গণিত বিভাগ ‘জুলাই টাইম লাইন ২০২৪: আকাঙ্ক্ষা , প্রাপ্তি ও প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভা ও ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনী, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট ‘চেতনায় জুলাই গণ-অভ্যুত্থান: দায়িত্ববোধ এবং আমাদের করণীয়’ শীর্ষক সেমিনার, আলোচনা সভা, ডকুমেন্টারি প্রদর্শনী, সাংস্কৃতিক ও স্মৃতিচারণমূলক অনুষ্ঠান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ আলোচনা সভা, গণিত বিভাগ “রক্তাক্ত জুলাই: প্রত্যাশা ও প্রাপ্তি” শীর্ষক আলোচনা সভা, উদ্ভিদবিজ্ঞান বিভাগ ‘স্মৃতিতে রক্তাক্ত জুলাই ২০২৪’ শীর্ষক আলোচনা সভা, সমাজবিজ্ঞান বিভাগ ‘জুলাইয়ের প্রশ্ন ও প্রত্যাশা: সমাজবিজ্ঞান শিক্ষার্থীদের পর্যালোচনা’ শীর্ষক সেমিনার, সামাজিক বিজ্ঞান অনুষদ ‘জুলাই গণ-অভ্যুত্থান, বাংলাদেশী জাতীয়তাবাদ ও গণতন্ত্র’ শীর্ষক সেমিনার, নৃত্যকলা বিভাগ “গণজাগরণের জুলাই” শীর্ষক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, বিজনেস স্টাডিজ অনুষদ ‘জুলাই গণঅভ্যুত্থান: গণতন্ত্রায়ণের অভিযাত্রা’ শীর্ষক আলোচনা সভা, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদ ‘রক্তাক্ত জুলাই ও ঢাকা বিশ্ববিদ্যালয়’ শীর্ষক আলোচনা সভা, শেখ মুজিবুর রহমান হল আলোচনা সভা, কবি সুফিয়া কামাল হল মোমবাতি প্রজ্বলন , দোয়া মাহফিল, পোস্টার প্রদর্শন প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা ও স্মৃতিকথন এবং সাংস্কৃতিক সন্ধ্য ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান, রোকেয়া হল মিলাদ ও দোয়া মাহফিল এবং আহত তিনজনকে আর্থিক সহায়তা প্রদান, হাজী মুহম্মদ মুহসীন হল ‘রক্তস্নাত জুলাই, চেতনায় অনিবার্ণ’ শীর্ষক সেমিনার, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ‘জুলাই গণ-অভ্যুত্থান: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং স্যার পিজে হার্টগ ইন্টারন্যাশনাল হল স্মৃতিচারণমূলক এক আলোচনা সভা আয়োজন করে।
এছাড়া, জুলাই-শহিদদের রুহের মাগফিরাত কামনায় ০৫ আগস্ট ২০২৬ বুধবার বাদ আছর কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিয়া’য় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এউপলক্ষ্যে ০৫ আগস্ট জগন্নাথ হলের উপাসনালয়ে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।
৩। ক্যাম্পাসের বিভিন্ন দেয়ালে গ্রাফিতি, রংকরণ/পুনর্লিখন করা হয়েছে। উপাচার্যের বাসভবনের প্রধান ফটকে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপাচার্য এই কার্যক্রম উদ্বোধন করেন। প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা), প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন), কোষাধ্যক্ষ, চারুকলা অনুষদের ডিন, প্রক্টর মো. ইসরাফিল প্রাং ও আরবরি কালচার সেন্টারের পরিচালক সহ শিক্ষক ও শিক্ষার্থীগণ এ সময় উপস্থিত ছিলেন।
গ্রাফিতির মূল বৈশিষ্ট্য, চেতনা ও তাৎপর্য অক্ষুণ্ন রেখে ১, ২ ও ৩ আগস্ট উপাচার্য ভবন থেকে রোকেয়া হল পর্যন্ত গ্রাফিতি রংকরণ/পুনর্লিখন কার্যক্রম পরিচালিত হয়। গ্রাফিতি রংকরণ/পুনর্লিখন কর্মসূচিতে নিবন্ধিত শিক্ষার্থী ও শিল্পীরা অংশগ্রহণ করেন।
৪। চীনের ফুদান বিশ্ববিদ্যালয়ের ভাইস-প্রেসিডেন্ট ড. চেন ঝিমিন-এর নেতৃত্বে ৭-সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধিদল উপাচার্যের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছে।
সাক্ষাৎকালে তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চীনের ফুদান বিশ্ববিদ্যালয়ের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক ‘দ্বৈত ডিগ্রি প্রোগ্রাম’ চালুর সম্ভাবনার বিষয়ে আলোচনা করেন। ‘এআই গভর্ন্যান্স’ বিষয়ক একাডেমিক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফুদান বিশ্ববিদ্যালয়ে ‘ভিজিটিং ফেলো’ নেওয়ার বিষয়ে সহায়তা প্রদানের ক্ষেত্রে চীনা প্রতিনিধিদলের প্রধান আগ্রহ প্রকাশ করেন। এছাড়া, যৌথ গবেষণা ও প্রকাশনা কার্যক্রম গ্রহণ এবং উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক, গবেষক ও শিক্ষার্থী বিনিময়ের বিষয়েও বৈঠকে আলোচনা করা হয়।
৫। জাপানের বৃহত্তম শিক্ষার্থী স্বেচ্ছাসেবক সংগঠন ‘ইন্টারন্যাশনাল ভলান্টিয়ার ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন’-এর উপ-পরিচালক মি. জুম্পেই তানিগুচির নেতৃত্বে ২-সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধিদল উপাচার্যের সঙ্গে করেছে।
সাক্ষাৎকালে প্রতিনিধিদলের সদস্যরা জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে ১ ফেব্রুয়ারি ২০২৭ থেকে ৮ ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত ‘ক্লিন ঢাকা ক্যাম্পেইন’ পরিচালনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। এছাড়া, জনগণের মধ্যে পরিবেশ বিষয়ক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে যৌথভাবে কাজ করার ইচ্ছা ব্যক্ত করেন।
৬। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য অনলাইনে আবেদন কার্যক্রম আগামী ১১ নভেম্বর ২০২৬ দুপুর ১২টায় শুরু হবে। আগামী ২৫ নভেম্বর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিটে অনলাইনে আবেদন কার্যক্রম শেষ হবে। গত ০২ আগস্ট ২০২৬ অনুষ্ঠিত সাধারণ ভর্তি কমিটির সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। উপাচার্য সভায় সভাপতিত্ব করেন।
সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা), প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন), কোষাধ্যক্ষ, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে ৫টি ইউনিটের মাধ্যমে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইউনিটগুলো হচ্ছে- ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’, ‘বিজ্ঞান ইউনিট’, ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’, ‘চারুকলা ইউনিট’ এবং ‘আইবিএ ইউনিট’।
সভায় ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হয়েছে। সময়সূচি অনুযায়ী ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’-এর ভর্তি পরীক্ষা আগামী ১৯ ডিসেম্বর ২০২৬ শনিবার, ‘বিজ্ঞান ইউনিট’-এর ভর্তি পরীক্ষা আগামী ১২ ডিসেম্বর ২০২৬ শনিবার, ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’-এর ভর্তি পরীক্ষা আগামী ২৬ ডিসেম্বর ২০২৬ শনিবার, ‘চারুকলা ইউনিট’-এর ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান ও অঙ্কন) আগামী ২২ ডিসেম্বর ২০২৬ মঙ্গলবার এবং ‘আইবিএ ইউনিট’-এর ভর্তি পরীক্ষা আগামী ৫ ডিসেম্বর ২০২৬ শনিবার অনুষ্ঠিত হবে। ‘আইবিএ ইউনিট’ ছাড়া সকল ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল ১১:০০টা থেকে দুপুর ১২:৩০ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ‘আইবিএ ইউনিট’-এর ভর্তি পরীক্ষা সকাল ১০:০০টা থেকে দুপুর ১২:০০ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ‘চারুকলা ইউনিট’ এবং ‘আইবিএ ইউনিট’ ব্যতীত অন্য ৩টি ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকাসহ ৮টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। বিভাগীয় কেন্দ্রসমূহ হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।
সভায় চারুকলা ইউনিট এবং আইবিএ ইউনিট ছাড়া অন্যান্য ইউনিটের ভর্তি পরীক্ষায় ৬০ নম্বরের MCQ এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। চারুকলা ইউনিটের পরীক্ষায় ৪০ নম্বরের MCQ এবং ৬০ নম্বরের অঙ্কন পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়। আইবিএ ইউনিটের পরীক্ষায় ৭০ নম্বরের MCQ এবং ৩০ নম্বরের বর্ণনামূলক পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়। চারুকলা ইউনিটের MCQ পরীক্ষার জন্য ৩০ মিনিট এবং অঙ্কন/লিখিত পরীক্ষার জন্য ৬০ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে। আইবিএ ইউনিটের MCQ পরীক্ষার জন্য ৯০ মিনিট এবং বর্ণনামূলক পরীক্ষার জন্য ৩০ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে।
অন্যান্য ইউনিটের MCQ পরীক্ষার জন্য ৪৫ মিনিট এবং লিখিত পরীক্ষার জন্য ৪৫ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে। ভর্তি পরীক্ষায় মোট ১২০ নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। এরমধ্যে ভর্তি পরীক্ষায় ১০০ এবং মাধ্যমিক/সমমান এবং উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষার ফলাফলের উপর থাকবে ২০ নম্বর।
ভর্তিচ্ছু আবেদনকারীদের ন্যূনতম যোগ্যতা হিসেবে ২০২১ থেকে ২০২৪ সন পর্যন্ত মাধ্যমিক/সমমান এবং ২০২৬ সনের উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ‘বিজ্ঞান ইউনিট’-এর জন্য মাধ্যমিক/সমমান এবং উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষার জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৮ এবং আলাদাভাবে জিপিএ ৩.৫ থাকতে হবে। তবে উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের মানবিক ও বাণিজ্য শাখার শিক্ষার্থীরাও এই ইউনিটে ভর্তির জন্য আবেদন করতে পারবে। সেক্ষেত্রে শিক্ষার্থীর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৭.৫ এবং আলাদাভাবে ন্যূনতম ৩.০ থাকতে হবে।
‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’-এর জন্য জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৭.৫ এবং আলাদাভাবে জিপিএ ৩.০ থাকতে হবে। তবে উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের বিজ্ঞান ও বাণিজ্য শাখার শিক্ষার্থীরাও এই ইউনিটে ভর্তির জন্য আবেদন করতে পারবে। সেক্ষেত্রে শিক্ষার্থীর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যোগফল বিজ্ঞান শাখার জন্য ন্যূনতম ৮.০, আলাদাভাবে ন্যূনতম ৩.৫ এবং বাণিজ্য শাখার জন্য ন্যূনতম ৭.৫, আলাদাভাবে ন্যূনতম ৩.০ থাকতে হবে।
‘ব্যবসায় শিক্ষা ইউনিট’-এর জন্য জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৭.৫ এবং আলাদাভাবে জিপিএ ৩.০ থাকতে হবে। তবে উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের বিজ্ঞান ও মানবিক শাখার শিক্ষার্থীরাও এই ইউনিটে ভর্তির জন্য আবেদন করতে পারবে। সেক্ষেত্রে শিক্ষার্থীর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যোগফল বিজ্ঞান শাখার জন্য ন্যূনতম ৮.০, আলাদাভাবে ন্যূনতম ৩.৫ এবং মানবিক শাখার জন্য ন্যূনতম ৭.৫, আলাদাভাবে ন্যূনতম ৩.০ থাকতে হবে।
‘চারুকলা ইউনিট’-এর জন্য জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৬.৫ এবং আলাদাভাবে জিপিএ ৩.০ থাকতে হবে।
সভায় ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষায় বিজ্ঞান ইউনিটের ক্ষেত্রে ইংরেজি মাধ্যম শিক্ষার্থীদের কারিকুলাম অনুযায়ী আলাদা প্রশ্নপত্র প্রণয়নের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ক্লাস ২৮ মার্চ ২০২৭ তারিখে শুরুর সিদ্ধান্ত গৃহীত হয়।
৭। একাউন্টিং বিভাগের উদ্যোগে বাংলা কিউআর বিষয়ক সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপাচার্য অনুষ্ঠান উদ্বোধন করেন। ক্যাশলেস আর্থিক ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্যে এই সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজন করা হয়।
৮। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ‘রাজনীতি, ক্ষমতা ও সাংবাদিকতার আন্তঃসংশ্লেষ: তত্ত্ব, বাস্তবতা ও ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রধান অতিথি এবং উপাচার্য বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
৯। শিল্পী জাকিয়া খান চন্দনার 'Reality of the Subconscious Mind' শীর্ষক সপ্তাহব্যাপী একক চিত্র প্রদর্শনী চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে অনুষ্ঠিত হয়েছে। প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রদর্শনীর উদ্বোধন করেন।
আগামী ০৮ আগস্ট পর্যন্ত প্রদর্শনী প্রতিদিন সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।
১০। কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের জন্য "Applied AI for Central Bank Officials" শীর্ষক ১২ সপ্তাহব্যাপী সার্টিফিকেট কোর্সের উদ্বোধন ও পরিচিতিমূলক সেশন অনুষ্ঠিত হয়। কোর্সটির প্রথম ব্যাচে বাংলাদেশ ব্যাংকের ৩০ জন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করছেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিবৃন্দ, বিভাগের শিক্ষকবৃন্দ এবং সংশ্লিষ্ট শিল্পখাতের বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
১১। ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তঃহল দাবা প্রতিযোগিতায় ছাত্র বিভাগে ফজলুল হক মুসলিম হল চ্যাম্পিয়ন এবং জগন্নাথ হল রানার্স-আপ হয়েছে। ছাত্রী বিভাগে কবি সুফিয়া কামাল হল চ্যাম্পিয়ন এবং রোকেয়া হল রানার্স-আপ হয়েছে।
আন্তঃহল ক্যারম প্রতিযোগিতায় ছাত্র এককে শহীদ সার্জেন্ট জহুরুল হক হল চ্যাম্পিয়ন এবং মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল রানার্স-আপ হয়েছে। ছাত্রদের দ্বৈত বিভাগে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল চ্যাম্পিয়ন এবং শহীদ সার্জেন্ট জহুরুল হক হল রানার্স-আপ হয়েছে।
ক্যারম প্রতিযোগিতায় ছাত্রীদের একক ও দ্বৈত বিভাগে শামসুন নাহার হল চ্যাম্পিয়ন এবং রোকেয়া হল রানার্স-আপ হয়।
১২। ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তঃহল হ্যান্ডবল প্রতিযোগিতা (ছাত্র-ছাত্রী) শুরু হয়েছে। প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতা উদ্বোধন করেন। উল্লেখ্য, ১২টি ছাত্র হল এবং ৪টি ছাত্রী হল পৃথক এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।
১৩। ক) সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের বিএসএস সম্মান ১ম বর্ষ ১ম সেমিস্টার মিড-টার্ম পরীক্ষা আগামী ০৯/০৮/২০২৬ তারিখ থেকে শুরু হবে। ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের বিএসএস সম্মান ৩য় বর্ষ ৬ষ্ঠ সেমিস্টার মিড-টার্ম পরীক্ষা চলমান রয়েছে। খ) অফিসিয়াল কাজের জন্য একটি নতুন প্রিন্টার ক্রয় করা হয়েছে। গ) দক্ষিণ ভবনের পানির ফিল্টার সার্ভিসিং করা হয়েছে। এছাড়াও ইনস্টিটিউটের নিয়মিত একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম যথাযথভাবে চলমান রয়েছে।
১৪। অমর একুশে হল প্রশাসনের সহযোগিতায় বাঁধন হল ইউনিটের উদ্যোগে হলের মেইন গেইটের সামনে “বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি” এর আয়োজন করা হয়। প্রায় শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
১৫। বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে পরিবেশ ও দূর্যোগ ব্যবস্থাপনা ক্লাব কর্তৃক “পরিবেশ সচেতনতা মূলক কর্মসূচি” সম্পন্ন হয়েছে। এছাড়াও হলের সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা, নিয়মিত মশার ওষুধ প্রদান ও হলের প্রশাসনিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
১৬। ক) কবি সুফিয়া কামাল হল ট্রাস্ট বৃত্তি প্রদান, বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও বার্ষিক হল ম্যাগাজিন ‘প্রতিবিম্ব’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। খ) হল কার্যক্রমসমূহ অন-লাইন ভিত্তিক করার বিষয়ে হল পরিচালনা কমিটির সঙ্গে বিশ্ববিদ্যালয় অন লাইন ভর্তি কমিটির একটি সভা অনুষ্ঠিত হয়। গ) আদ্-দ্বীন মাদার কেয়ার লিমিটেডের সৌজন্যে নারী স্বাস্থ্য সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন এবং অফার মূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়। ঘ) bdjobs.com আয়োজিত ক্যারিয়ার বিষয়ক একটি সেমিনারে হলের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।
১৭। ক) শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল সংসদের উদ্যোগে “Beyond Borders: from Bangladesh to Erasmus Mundus” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। খ) নিউজিল্যান্ড ডেইরির পক্ষ থেকে ডুডুলস নুডুলসের নমুনা শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়। গ) আদ-দ্বীন মাদার কেয়ার (আকিজ গ্রুপের একটি প্রতিষ্ঠান)-এর উদ্যোগে ছাত্রীদের মাঝে অফারমূল্যে ফ্লাই স্যানিটারী ন্যাপকিন প্রদান করা হয়।
১৮। শামসুন নাহার হল বাঁধন ইউনিটের উদ্যোগে একটি কর্মশালার আয়োজন করা হয়েছে।
১৯। একাউন্টিং বিভাগের ৮জন শিক্ষার্থীকে একাউন্টিং ১৯৭৯ ব্যাচ ট্রাস্ট ফান্ড বৃত্তি প্রদান করা হয়। তাদেরকে এককালীন ২৪,০০০/- টাকা করে বৃত্তি প্রদান করা হয়।
২০। বাংলা বিভাগের ১১জন শিক্ষার্থীকে এবিএম মূসা-সেতারা মূসা ফাউন্ডেশন বৃত্তি তহবিলের ‘সেতারা মূসা বৃত্তি’ প্রদান করা হয়।
২১। থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ এবং টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের ৮জন শিক্ষার্থীকে সাঈদ আহমদ স্মারক বৃত্তি প্রদান করা হবে। তাদেরকে এককালীন ১২,০০০/- টাকা করে বৃত্তি প্রদান করা হবে।
মোহাম্মদ রফিকুল ইসলাম
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়