ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে গত ৪ আগস্ট ২০২৬ (মঙ্গলবার) ‘জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪ ও তারুণ্যের বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় জুলাই গণ-অভ্যুত্থানের তাৎপর্য, এর ঐতিহাসিক প্রেক্ষাপট, বাংলাদেশের সমাজ ও রাষ্ট্রব্যবস্থায় এর প্রভাব, তরুণদের আকাঙ্ক্ষা, এবং ভবিষ্যৎ বাংলাদেশের নির্মাণে এর শিক্ষা নিয়ে আলোচনা করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এবং বিজ্ঞান অনুষদের মাননীয় ডীন অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসেন। সভায় মূল আলোচক হিসেবে বক্তব্য দেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. এমরান কাইয়ুম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফরিদা বেগম এবং স্বাগত বক্তব্য প্রদান করেন অধ্যাপক ড. কাওসারী আখতার। আলোচনা সভাটি সঞ্চালনা করেন অধ্যাপক ড. ফারহানা খানম ফেরদৌসী।
আলোচনা সভায় রসায়ন বিভাগের শিক্ষার্থীদের পক্ষ থেকে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা তাদের আন্দোলনের সময়কালীন অভিজ্ঞতা ও ভবিষ্যতের বাংলাদেশে তাদের আশা-আকাংখা তুলে ধরেন। বক্তাদের বক্তব্যের পাশাপাশি উপস্থিত শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিদের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
আলোচনায় বক্তারা জুলাই গণ-অভ্যুত্থানকে বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে উল্লেখ করেন। তাঁরা বলেন, জুলাইয়ের ঘটনাপ্রবাহ বাংলাদেশের তরুণ সমাজ, শিক্ষার্থী এবং সাধারণ মানুষের আকাঙ্ক্ষা, অধিকারবোধ ও পরিবর্তনের প্রত্যাশাকে নতুনভাবে সামনে নিয়ে এসেছে। এ আন্দোলনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক, মানবিক ও জ্ঞাননির্ভর বাংলাদেশ গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর বক্তারা গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. ফরিদা বেগম জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ও অভিজ্ঞতাকে ইতিবাচকভাবে ধারণ করে দেশ ও সমাজের কল্যাণে তা কাজে লাগানোর আহ্বান জানান।