ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে চলমান দুইটি প্রফেশনাল মাস্টার্স প্রোগ্রাম Professional Masters in Information and Cyber Security (PMICS) এবং Professional Masters in Artificial Intelligence and Data Engineering (PMAIDE) ডিগ্রী প্রোগ্রামের শিক্ষার্থীদের পরিচিতি সভা গত ১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রোজ বৃহস্পতিবার, বিভাগের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।



কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. সাইফুদ্দিন মো. তারিক বিশেষ অতিথি এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. এম. লুৎফর রহমান সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন PMICS প্রোগ্রামের কোঅর্ডিনেটর অধ্যাপক ড. মো. রেজাউল করিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগের শিক্ষার্থী আনিকা সানজিদা উপমা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আবদুস সালাম প্রফেশনাল মাস্টার্স প্রোগ্রামের শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে ভর্তি হওয়ার জন্য অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তিনি বলেন, বর্তমান বিশ্বে প্রযুক্তির ব্যবহার ও গুরুত্ব দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং পরিবর্তনশীল প্রযুক্তিনির্ভর বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তিতে দক্ষতা অর্জন করতে হবে। বিশেষ করে সাইবার সিকিউরিটি, ডেটা ইঞ্জিনিয়ারিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো উদীয়মান প্রযুক্তি ক্ষেত্রে জ্ঞান ও দক্ষতা অর্জনের ওপর তিনি গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, দেশের প্রযুক্তিগত ও অর্থনৈতিক উন্নয়নে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সসহ আধুনিক প্রযুক্তির কার্যকর ব্যবহার বাড়াতে হবে। শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান ও প্রযুক্তিগত দক্ষতা শুধু ব্যক্তিগত ক্যারিয়ার উন্নয়নে নয়, বরং দেশের সামগ্রিক উন্নয়ন ও অগ্রগতিতে কাজে লাগাতে হবে। একই সঙ্গে তিনি ইন্ডাস্ট্রি ও একাডেমিয়ার মধ্যে সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি শিল্পখাতের চাহিদা অনুযায়ী নিজেদের দক্ষতা উন্নয়নের সুযোগ পাবে বলে তিনি উল্লেখ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. সাইফুদ্দিন মো. তারিক শিক্ষার্থীদের প্রফেশনাল মাস্টার্স প্রোগ্রামে স্বাগত জানান। তিনি প্রযুক্তির দ্রুত পরিবর্তনশীল পরিবেশে নিয়মিত জ্ঞানচর্চা, গবেষণা ও ব্যবহারিক দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

সম্মানিত অতিথির বক্তব্যে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. এম. লুৎফর রহমান শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও পেশাগত জীবনে সফলতার জন্য আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল এর ক্ষেত্রে চলমান পরিবর্তন, AI, Data Engineering ও Cybersecurity এর যোগসূত্রের ক্ষেত্রসমূহ উল্লেখ করে নতুন নতুন প্রযুক্তির সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নেওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে AI এর উপর আন্ডারগ্রাজুয়েট ডিগ্রী প্রোগ্রাম চালু করা যায় কিনা তা ভেবে দেখতে পরামর্শ দেন।



সভাপতির বক্তব্যে বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক প্রফেশনাল মাস্টার্স প্রোগ্রামের শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্বে দক্ষ মানবসম্পদ তৈরিতে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রফেশনাল মাস্টার্স প্রোগ্রাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি শিক্ষার্থীদের নিয়মিত পাঠ্যক্রমের পাশাপাশি গবেষণা, উদ্ভাবন, সমস্যা সমাধান এবং বাস্তবভিত্তিক প্রযুক্তিগত দক্ষতা অর্জনে মনোযোগী হওয়ার আহ্বান জানান। দেশের প্রযুক্তিগত অগ্রযাত্রায় দক্ষ ও যোগ্য পেশাজীবী হিসেবে অবদান রাখার জন্য তিনি শিক্ষার্থীদের উৎসাহিত করেন।
স্বাগত বক্তব্যে অনুষ্ঠানের আয়োজক কমিটির কোঅর্ডিনেটর অধ্যাপক ড. মো. রেজাউল করিম প্রফেশনাল মাস্টার্স প্রোগ্রামের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম, পারস্পরিক যোগাযোগ ও বিভাগের সঙ্গে সম্পৃক্ততার গুরুত্ব তুলে ধরে বলেন, এ ধরনের পরিচিতি সভা নতুন শিক্ষার্থীদের একাডেমিক পরিবেশের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি শিক্ষক, সহপাঠী এবং বিভাগের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জানার সুযোগ সৃষ্টি করে।
পরিচিতি সভায় শিক্ষার্থীদের বিভাগের একাডেমিক পরিবেশ, প্রফেশনাল মাস্টার্স প্রোগ্রামের পাঠক্রম, শিক্ষা ও গবেষণার সুযোগ, ব্যবহারিক কার্যক্রম এবং ভবিষ্যৎ পেশাগত সম্ভাবনা সম্পর্কে ধারণা প্রদান করা হয়। অনুষ্ঠানে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং প্রফেশনাল মাস্টার্স প্রোগ্রামের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে প্রফেশনাল মাস্টার্স পর্যায়ে বর্তমানে দুটি পৃথক প্রোগ্রাম পরিচালিত হচ্ছে—Professional Master’s in Information and Cyber Security (PMICS) এবং Professional Master’s in Artificial Intelligence and Data Engineering (PMAIDE)। পরিচিতি সভায় PMICS-এর ৭ম ব্যাচ এবং PMAIDE-এর ২য় ব্যাচের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
আধুনিক প্রযুক্তির চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে পরিচালিত এ দুটি প্রোগ্রামের মাধ্যমে তথ্য ও সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা ইঞ্জিনিয়ারিং এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে দক্ষ ও পেশাজীবী মানবসম্পদ তৈরির পাশাপাশি দেশের প্রযুক্তিগত উন্নয়ন ও ডিজিটাল রূপান্তরে অবদান রাখার লক্ষ্য রয়েছে।