৫ম হাজী মুহম্মদ মুহসীন স্মারক জাতীয় আন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতায় মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল চ্যাম্পিয়ন এবং অমর একুশে হল রানার্সআপ হয়েছে। আজ ২১ সেপ্টেম্বর ২০২৬ সোমবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে এক অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম অনুষ্ঠানে প্রধান আলোচক এবং জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। হাজী মুহম্মদ মুহসীন হল ডিবেটিং ক্লাব এই অনুষ্ঠান আয়োজন করে।
হাজী মুহম্মদ মুহসীন হল ডিবেটিং ক্লাবের সভাপতি মো. মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম সম্মানিত অতিথি এবং হাজী মুহম্মদ মুহসীন হলের প্রাধ্যক্ষ শাহ শামীম আহমেদ, হাজী মুহম্মদ মুহসীন হল ডিবেটিং ক্লাবের মডারেটর মো. হারুন-অর-রশীদ, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি মো. সাজিদ হাসান ও সাধারণ সম্পাদক মিফতাহুল জান্নাত রিফাত বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, তরুণরাই দেশের ভবিষ্যৎ। গণতান্ত্রিক বাংলাদেশ গঠন এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তরুণদের যুক্তিনির্ভর ও তথ্যভিত্তিক চিন্তার বিকাশ ঘটাতে হবে এবং মুক্তবুদ্ধির চর্চা করতে হবে। তিনি বলেন, বিতর্ক যুক্তি দিয়ে কথা বলা ও অন্যের মতামত শোনার অভ্যাস তৈরি করে। এই চর্চা জাতীয় সংসদ-সহ রাষ্ট্রের বিভিন্ন পর্যায়েও ছড়িয়ে দেওয়া প্রয়োজন। এতে মানুষের মধ্যে পারস্পরিক সহনশীলতা বাড়বে এবং গণতান্ত্রিক পরিবেশ শক্তিশালী হবে। তিনি আরও বলেন, দেশের স্বার্থে দল-মত নির্বিশেষে সবার মধ্যে ঐক্য গড়ে তোলা প্রয়োজন। তরুণদের মধ্যে যুক্তিবোধ, সহনশীলতা ও দায়িত্বশীল নেতৃত্বের গুণ তৈরি করতে হবে। এর মাধ্যমে তারা ভবিষ্যতে গণতান্ত্রিক ও যুক্তিনির্ভর বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষামূলক কার্যক্রমে অংশ নিতে হবে। বিতর্ক শিক্ষার্থীদের চিন্তাশক্তি ও সৃজনশীলতা বাড়ায়। তিনি বলেন, শুধু ভালো ফলাফল করাই শিক্ষার্থীদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত নয়। পড়াশোনার পাশাপাশি তাদের বিতর্কসহ বিভিন্ন গঠনমূলক কাজে যুক্ত হতে হবে। এর মাধ্যমে জ্ঞান ও চিন্তার পরিধি বাড়বে এবং আত্মবিশ্বাস তৈরি হবে। যুক্তির মাধ্যমে নিজের মত প্রকাশের পাশাপাশি ভিন্নমত গ্রহণের মানসিকতা তৈরি করতে হবে। অন্যের মতামতকে সম্মান জানাতে হবে। সৎ, দেশপ্রেমিক, দক্ষ, যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, আন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতায় দেশের ২৪টি বিতর্ক দলের ৭২ জন বিতার্কিক অংশগ্রহণ করে।
২১/০৯/২০২৬
(মোহাম্মদ রফিকুল ইসলাম )
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়