ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বিতর্ক চর্চার মাধ্যমে জনস্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা ও ভোক্তা অধিকার বিষয়ে সামাজিক সচেতনতা গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন। আজ ১৯ সেপ্টেম্বর ২০২৬ শনিবার বিজনেস স্টাডিজ অনুষদের অধ্যাপক আবদুল্লাহ ফারুক মাল্টিপারপাস কনফারেন্স হলে আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি ( DUDS) এবং ঢাকা আহ্ছানিয়া মিশন যৌথভাবে এই প্রতিযোগিতার আয়োজন করে।
প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, সামাজিক সমস্যাসহ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে যুক্তিনির্ভর আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে সমস্যা সমাধানের উপায় বের করা সম্ভব। সমসাময়িক জাতীয় ও বৈশ্বিক ইস্যুতে গঠনমূলক বিতর্ক শিক্ষার্থীদের গবেষণা ও বিশ্লেষণী দক্ষতা বিকাশে ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি মো. সাজিদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের ( BSTI) সচিব ও মহাপরিচালক কাজী এমদাদুল হক এবং গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরের বাংলাদেশ কান্ট্রি লিড মুহাম্মদ রুহুল কুদ্দুস বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালন করেন সংগঠনটির সাধারণ সম্পাদক মিফতাহুল জান্নাত রিফাত।
উল্লেখ্য, তিনদিন ব্যাপী এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ৮টি দল অংশগ্রহণ করে। এতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন এবং আহসানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি রার্নাসআপ হয়।

১৯/০৯/২০২৬
মোহাম্মদ রফিকুল ইসলাম
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়