ঢাকা বিশ্ববিদ্যালয় ফলিত গণিত বিভাগের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান আজ ৯ নভেম্বর ২০২৬ সোমবার এ এফ রহমান মুজিবুর রহমান গণিত ভবনের রেজাউর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ বি এম শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এছাড়াও বক্তব্য দেন অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. সেলিনা পারভীন, অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ, অধ্যাপক ড. মুহাম্মদ ফেরদৌস এবং অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন ছাত্র উপদেষ্টা সহযোগী অধ্যাপক ড. এস এম চপল হোসেন। নবীনদের পক্ষে জিয়াদ মোহাম্মদ এবং নায়লা আমিরা অদ্রি অনুভূতি ব্যক্ত করেন। অনুষ্ঠানে প্রথম ও দ্বিতীয় বর্ষের পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ পাওয়ায় মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ ও ফাউজিয়া আখিয়াকে পুরস্কার প্রদান করা হয়।
প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, আমাদের তরুণদের মাঝে উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে। নতুন উদ্যোক্তা তৈরিতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সব ধরনের সহযোগিতা প্রদান করবে। তিনি বলেন, বর্তমান বিশ্বায়নের প্রতিযোগিতায় টিকে থাকতে শিক্ষার্থীদের এআই, ডাটা সায়েন্স, মেশিন লার্নিং, জিআইএস-সহ আধুনিক প্রযুক্তিতে দক্ষতা অর্জন করতে হবে।
০৯/১১/২০২৬
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়