ঢাকা বিশ্ববিদ্যালয় থিওরেটিক্যাল এন্ড কম্পিউটেশনাল কেমিস্ট্রি বিভাগের উদ্যোগে ‘‘ Exploring Lead-free Organic Perovskite through Computational Doping Strategies for Enhanced Solar Cell Application’’ শীর্ষক কর্মশালা আজ ০৫ জুলাই ২০২৬ রবিবার মোকাররম হোসেন খন্দকার বিজ্ঞান ভবনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)- এর অর্থায়নে এই কর্মশালা আয়োজন করা হয়।
বিভাগীয় চেয়ারম্যান ড. মো. আলাউদ্দিন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে অধ্যাপক ড. তাপস দেবনাথ ‘‘ Exploring Lead-free Organic Perovskite through Computational Doping Strategies for Enhanced Solar Cell Application’’ শীর্ষক প্রেজেন্টেশন দেন। প্রজেক্টের রিসার্চ অ্যাসিসটেন্ট লায়লা রহমান অনুষ্ঠান সঞ্চালন করেন। এসময় বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম বলেন, সীমিত সুযোগ-সুবিধা ও সম্পদের সর্বোচ্চ সদ্ব্যবহারের মাধ্যমে আমাদের একাডেমিক উৎকর্ষতা অর্জন করতে হবে। দৃঢ় ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রম থাকলে যেকোনো বাধা অতিক্রম করা সম্ভব। উদ্ভাবনী চিন্তা ও গবেষণার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের গবেষণাভিত্তিক প্রতিষ্ঠানে পরিণত করতে হলে বৈষম্যহীন শিক্ষা, মানসম্মত গবেষণা এবং জ্ঞানচর্চার ধারাবাহিকতা বজায় রাখতে হবে। তরুণদের নেতৃত্ব, সৃজনশীলতা ও গবেষণামুখী মনোভাবই ভবিষ্যতে দেশের সমৃদ্ধি নিশ্চিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

০৫/০৭/২০২৬
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়।