ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের উদ্যোগে প্রথম রেজাল্ট অটোমেশন সিস্টেমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এছাড়া, Outcome Based Education (OBE) বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম আজ ১১ নভেম্বর ২০২৬ বুধবার অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রেজাল্ট অটোমেশন সিস্টেমের উদ্বোধন করেন। সামাজিক বিজ্ঞান অনুষদে প্রথমবারের মতো রেজাল্ট অটোমেশন সিস্টেম চালুর মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফলাফল ব্যবস্থাপনার আধুনিকায়নে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। এ উদ্যোগের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় রেজাল্ট অটোমেশন ব্যবস্থার যুগে আরও এক ধাপ এগিয়ে গেল।
সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোসাদ্দেক হোসেন কামাল রেজাল্ট অটোমেশন সিস্টেম বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। লোক প্রশাসন বিভাগের প্রভাষক মো. আমজাদ হোসেন ও জাপানিজ স্টাডিজ বিভাগের প্রভাষক সাবরিনা জহির অনুষ্ঠান সঞ্চালন করেন। এসময় সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত সকল বিভাগের চেয়ারপার্সন-সহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং শিক্ষার্থীদের সেবার মান বৃদ্ধিতে প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার কোনো বিকল্প নেই। রেজাল্ট অটোমেশন সিস্টেম চালুর মাধ্যমে ফলাফল প্রস্তুত ও প্রকাশের প্রক্রিয়া আরও সহজ, দ্রুত, নির্ভুল ও স্বচ্ছ হবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। এ ধরনের উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি Outcome Based Education (OBE) কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে সমন্বিতভাবে কাজ করার জন্য তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং শিক্ষাক্রম ও মূল্যায়ন পদ্ধতিতে OBE -এর কার্যকর বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি এ ধরনের উদ্যোগকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক ব্যবস্থার আধুনিকায়নে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।
সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, শিক্ষার মানোন্নয়ন, মূল্যায়ন ব্যবস্থার আধুনিকায়ন এবং শিক্ষার্থীবান্ধব প্রশাসনিক কার্যক্রম নিশ্চিত করার লক্ষ্যে সামাজিক বিজ্ঞান অনুষদ ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে চলেছে। অনুষদে রেজাল্ট অটোমেশন সিস্টেম চালু এবং OBE কর্মশালা আয়োজন সেই উদ্যোগেরই অংশ। তিনি এ কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
১১/১১/২০২৬
মোহাম্মদ রফিকুল ইসলাম
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়