ঢাকা বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান অনুষদের উদ্যোগে ‘‘The Modern Social Scientists : Navigating Research, Teaching and Academic Growth” শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা আজ ১২ আগস্ট ২০২৬ বুধবার অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ্-আল-মামুন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান স্বাগত বক্তব্য দেন। অর্থনীতি বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. ফিরদৌসি নাহার ধন্যবাদ জ্ঞাপন করেন। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী নাইমুর রহমান ইমন এবং তারানা জাহিদ সন্ধি অনুষ্ঠান সঞ্চালন করেন। এসময় সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের চেয়ারম্যান এবং শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম বলেন, বিশ্ববিদ্যালয়ের মান ও মর্যাদা বাড়াতে শিক্ষকদের গবেষণায় আরও মনোযোগী হতে হবে। আন্তর্জাতিক মানের গবেষণাপত্র প্রকাশ করতে হবে। একই সঙ্গে গবেষণার সাইটেশন বাড়ানোর দিকেও গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, ভালো গবেষণা শুধু একজন শিক্ষকের ব্যক্তিগত অর্জন নয়। এর মাধ্যমে আন্তর্জাতিক পরিমন্ডলে বিশ্ববিদ্যালয়ের পরিচিতি বাড়ে। বৈশ্বিক র্যাঙ্কিংয়েও এর প্রভাব পড়ে। তাই গবেষণার ক্ষেত্রে তরুণ শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে উন্নত গবেষণা পরিবেশ ও গবেষণার জন্য শিক্ষকদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা জরুরি। এ ক্ষেত্রে সরকারেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি আরও বলেন, গবেষণার অর্থায়নের জন্য শুধু সরকারি বরাদ্দের ওপর নির্ভর করলে চলবে না। শিক্ষকদের আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতে হবে এবং আন্তর্জাতিক বিভিন্ন তহবিল থেকে অর্থ সংগ্রহের উদ্যোগ নিতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিশ্বের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে পৃথক দু’টি পর্বে বিশেষজ্ঞগণ প্রবন্ধ উপস্থাপন করেন এবং আলোচনায় অংশ নেন। সমাপনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

১২/৮/২০২৬
মোহাম্মদ রফিকুল ইসলাম
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়