ঢাকা বিশ্ববিদ্যালয় উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রয়াত অধ্যাপক এ.কে.এম নজরুল ইসলামের স্মরণে এক দোয়া ও আলোচনা সভা আজ ১৬ আগস্ট ২০২৬ রবিবার উদ্ভিদবিজ্ঞান বিভাগের সেন্ট্রাল গ্যালারীতে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আসফাক আহমদের সভাপতিত্বে আলোচনা সভায় জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবদুল করিম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন, অবসরপ্রাপ্ত অধ্যাপক জেড.এন তাহমিদা বেগম, অবসরপ্রাপ্ত অধ্যাপক মনিরুজ্জামান খন্দকার এবং সংখ্যাতিরিক্ত অধ্যাপক ড. মো. আবুল বাসার স্মৃতিচারণ করেন। এসময় প্রয়াত অধ্যাপক এ.কে.এম নজরুল ইসলামের সহধর্মিণী নুরুন্নাহার শেলী এবং পুত্র আহমদ সাইদ নজরুল উপস্থিত ছিলেন। বিভাগের শিক্ষার্থী মারুফা আক্তার কলি স্মরণসভা সঞ্চালন করেন।
প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী প্রয়াত অধ্যাপক এ.কে.এম. নজরুল ইসলামের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, তিনি অত্যন্ত অমায়িক ব্যক্তি এবং নিষ্ঠাবান শিক্ষক ও গবেষক ছিলেন। উদ্ভিদবিজ্ঞান-সহ বিভিন্ন বিষয়ে তাঁর গভীর জ্ঞান ও আগ্রহ ছিল। তাঁর দীর্ঘ কর্মময় জীবনে সংগৃহীত মূল্যবান তথ্য-উপাত্ত ও বিরল গবেষণা উপকরণ সংরক্ষণ করা অত্যন্ত জরুরি। এসব উপকরণ গবেষণার ক্ষেত্রে শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগাবে।
উল্লেখ্য, অধ্যাপক এ.কে.এম. নজরুল ইসলাম গত বছর ২৩ ডিসেম্বর ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭।

১৬/০৮/২০২৬
মোহাম্মদ রফিকুল ইসলাম
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়