জিরো কম্পিটিশন্স এবং সাসটেইনেবিলিটি অ্যান্ড লাইফ সায়েন্সেস নেটওয়ার্ক (SLSN) এর যৌথ উদ্যোগে “প্রথম বাংলাদেশ জাতীয় জলবায়ু অলিম্পিয়াড” গতকাল ২১ আগস্ট ২০২৬ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হলে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ জাতীয় জলবায়ু অলিম্পিয়াড আয়োজক কমিটির উপদেষ্টা অধ্যাপক ড. কাজী মতিন উদ্দিন আহমেদ- এর সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর, ভূতত্ত্ব বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. বদরুদ্দোজা মিয়া, ডিজাস্টার সায়েন্স এন্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের চেয়ারম্যান বি এম রাব্বী হোসেন, ঢাকাস্থ রাশিয়ান হাউসের পরিচালক আলেকজান্দ্রা এ. খেলভনয় এবং ঢাকাস্থ রাশিয়ান হাউসের সিনিয়র সমন্বয়কারী মি. দেলোয়ার হোসেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
প্রো- ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের মাত্রা ক্রমেই বাড়ছে। ফলে বৈশ্বিক উষ্ণতাও তীব্র হচ্ছে। তিনি বলেন, কার্বন নিঃসরণে বাংলাদেশের অবদান খুবই কম। অথচ বাংলাদেশকে বন্যা, খরা, অতিবৃষ্টি সহ জলবায়ু পরিবর্তনের মারাত্মক ক্ষতিকর প্রভাব মোকাবিলা করতে হচ্ছে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় তরুণ প্রজন্মকে সচেতন ও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভবিষ্যতে এই সংকট মোকাবিলায় তরুণদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
উল্লেখ্য, জুনিয়র, সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি- এই ৩টি ক্যাটাগরিতে অলিম্পিয়াডে দেশের বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। জুনিয়র ক্যাটাগরিতে ১০ জন, সেকেন্ডারি ক্যাটাগরিতে ১৫ জন এবং হায়ার সেকেন্ডারি ক্যাটাগরিতে ১৪ জনকে পুরস্কৃত করা হয়।

২২/৮/২০২৬
মোহাম্মদ রফিকুল ইসলাম
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়।