ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের নবীনবরণ আজ ২৪ আগস্ট ২০২৬ সোমবার আর.সি মজুমদার আর্টস অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এছাড়া, অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুল লতিফ, অধ্যাপক ড. মুহম্মদ শফিকুর রহমান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ জহিরুল ইসলাম এবং সহকারী অধ্যাপক কাজী ফারজানা আফরীন অনুষ্ঠানে বক্তব্য দেন। নবীনদের পক্ষে মোহাম্মদ নাহিদ , মোহাম্মদ আব্রাহাম, রাইয়ান ইউসুফ এবং সিরাজুন মুনিরা অনুভূতি প্রকাশ করেন। বিভাগীয় শিক্ষার্থী ইফতেখার আহমেদ তানভীর ও নুসরাত জাহান ইশিতা অনুষ্ঠান সঞ্চালন করেন।
প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, পড়াশোনার পাশাপাশি সহশিক্ষামূলক কার্যক্রমে সম্পৃক্ত হয়ে তাদের বহুমুখী দক্ষতা অর্জন করতে হবে। বিশ্ববিদ্যালয়ে প্রাপ্ত সুযোগ-সুবিধার যথাযথ সদ্ব্যবহারের মাধ্যমে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, কর্ম ও সফলতার মাধ্যমে দেশ-বিদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম ছড়িয়ে দেওয়ার জন্য শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

২৪/৮/২০২৬
মোহাম্মদ রফিকুল ইসলাম
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়