যথাযোগ্য মর্যাদায় আগামী ১২ ভাদ্র ১৪৩৩ (২৭ আগস্ট ২০২৬) বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
কর্মসূচি অনুযায়ী, আগামী ১২ ভাদ্র সকাল ৬:৩০টায় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীগণ অপরাজেয় বাংলার পাদদেশে জমায়েত হবেন। সেখান থেকে ৬:৪৫টায় শোভাযাত্রা সহকারে কবির সমাধিতে গমন, পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করা হবে। পরে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে কবির সমাধি প্রাঙ্গণে উন্মুক্ত মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী বক্তব্য রাখবেন। নজরুল গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. তারিক মনজুর স্মারক বক্তৃতা প্রদান করবেন। বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সিরাজুল ইসলাম (সিরাজ সালেকীন) অনুষ্ঠান সঞ্চালন করবেন।
এছাড়া, জাতীয় কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আগামী ১২ ভাদ্র বাদ ফজর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিয়া’য় কোরানখানি অনুষ্ঠিত হবে।

২৫/৮/২০২৬
মোহাম্মদ রফিকুল ইসলাম
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়