ঢাকা বিশ্ববিদ্যালয় কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের উদ্যোগে ‘Professional Masters in Information and Cyber Security (PMICS)’ শীর্ষক প্রোগ্রামের ৩য় ব্যাচের সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান গতকাল ২৯ আগস্ট ২০২৬ শনিবার সন্ধ্যায় মোকাররম হোসেন খোন্দকার বিজ্ঞান ভবনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।
কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. সাইফুদ্দিন মো. তারিক বক্তব্য রাখেন। পিএমআইসিএস প্রোগ্রামের কোর্স কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. রেজাউল করিম স্বাগত বক্তব্য দেন। প্রোগ্রাম পরিচালনা কমিটির সদস্য সহযোগী অধ্যাপক ড. ইসমাত রহমান নাম ঘোষণা করেন। পিএমআইসিএস প্রোগ্রামের ৩য় ব্যাচের শিক্ষার্থী আব্দুল কাদের এবং তাহসিনা সাদিয়া মিম অনুভূতি ব্যক্ত করেন।
প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম আর্থিক খাতসহ বিভিন্ন ক্ষেত্রে সাম্প্রতিক সাইবার হামলার বিষয় তুলে ধরে বলেন, এধরনের ঘটনা প্রতিরোধে যোগ্য, প্রশিক্ষিত ও পেশাদার সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ তৈরি করা প্রয়োজন। পিএমআইসিএস প্রোগ্রাম এখাতে দক্ষ মানবসম্পদ তৈরিতে সহায়ক ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন। সনদপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, এখান থেকে অর্জিত জ্ঞান যথাযথভাবে ব্যবহার করে সমাজ ও দেশের ইতিবাচক পরিবর্তনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
উল্লেখ্য, অনুষ্ঠানে ৩৬ জনকে সার্টিফিকেট প্রদান করা হয়।

৩০/০৮/২০২৬
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়