ঢাকা বিশ্ববিদ্যালয় তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান আজ ০৬ সেপ্টেম্বর ২০২৬ রবিবার ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রোকনুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব খন্দকার নূরুল হক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অধ্যাপক ড. কাজী মোস্তাক গাউসুল হক শুভেচ্ছা বক্তব্য দেন। অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম স্বাগত বক্তব্য দেন। নবীনদের পক্ষে এসএম আহনাফ তাহমিদ ও বিদায়ীদের পক্ষে আমিনা খান অনুভূতি ব্যক্ত করেন। বিভাগের শিক্ষার্থী রুম্মান হাসান এবং সানজিদা কবির নিতু অনুষ্ঠান সঞ্চালন করেন।

প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, ভালো ফলাফল অর্জনের পাশাপাশি মানবিক মূল্যবোধ ধারণ করে শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা অর্জন করতে হবে। প্রযুক্তিনির্ভর বিশ্বে ডাটা সায়েন্স ও কৃত্রিম বুদ্ধিমত্তাসহ আধুনিক জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেদের দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শুধু চাকরির পেছনে না ছুটে শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে। বিশ্ববিদ্যালয়ে অর্জিত জ্ঞান দেশ ও সমাজের কল্যাণে কাজে লাগানোর জন্য তিনি বিদায়ী শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, বিএ সম্মান চূড়ান্ত পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ অর্জন করায় বিভাগের ৪ জন শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করা হয়। তারা হলেন মো. ফজলে রাব্বী, মো. ফারহান সাদিক রাফিদ, তাপসী তামান্না এবং আমিনা খান।

০৬/০৯/২০২৬
(মোহাম্মদ রফিকুল ইসলাম )
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়।