ঢাকা বিশ্ববিদ্যালয় ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ এবং দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে ‘সুফি সংস্কৃতি: মধ্যপ্রাচ্য, পশ্চিম আফ্রিকা ও বাংলাদেশ’ শীর্ষক ৮ম আন্তর্জাতিক সম্মেলন আজ ৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার আরসি মজুমদার আর্টস মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান ড. মো. মুমিত আল রশিদের সভাপতিত্বে উদ্বোধনী পর্বে গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহাদাত হোসাইন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউটের ম্যানেজিং ট্রাস্টি শাহজাদা সৈয়দ ইরফানুল হক স্বাগত বক্তব্য এবং সম্মেলন আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ মুহসীন উদ্দীন মিয়া শুভেচ্ছা বক্তব্য দেন। বাহরাইনের সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. ইব্রাহিম আল-শেখ রশিদ আল-মুরাইখী `Sufism in the Arab Gulf States: A Case Study of the Khalidi Naqshbandi Order` শীর্ষক প্রবন্ধ এবং মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জামাল ফারুক জিবরিল মাহমুদ `The Jurisprudential Vision of Al-Azhar Al-Sharif on the Issue of Sama` শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন। অধ্যাপক ড. মোহাম্মদ আহসানুল হাদী অনুষ্ঠান সঞ্চালন করেন।
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বর্তমান সংকটময় বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় সুফি সাধকদের মানবপ্রেমের বাণী প্রচার করা জরুরি। সামাজিক মূল্যবোধের অবক্ষয় রোধে সুফি সংস্কৃতির চর্চা ও গবেষণা আরও জোরদার করার উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, এক্ষেত্রে মাওলানা জালালুদ্দীন রুমি, মোহাম্মদ হাফিজ শিরাজী ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাম্য এবং মানবপ্রেমের দর্শন সহায়ক ভূমিকা পালন করতে পারে। সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় এগিয়ে আসার জন্য তিনি গবেষকদের প্রতি আহ্বান জানান।
উদ্বোধনী পর্ব শেষে প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। অধ্যাপক ড. শাহ কাওসার মুস্তাফা আবুলউলায়ীর সভাপতিত্বে আলোচনা সভায় অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান ও ড. আব্দুল্লাহ আল মাহমুদ অংশ নেন। সিরিয়ার দামেস্ক বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. ফেইরোজ আসাদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী হাসান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ শেখ সাদী এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ইয়াসমিন আরা সাথী আঞ্চলিক ও বৈশ্বিক প্রেক্ষাপটে সুফিবাদের ধর্মতাত্ত্বিক, সামাজিক ও সাহিত্যিক প্রভাব বিষয়ক গবেষণাপত্র উপস্থাপন করেন।
সম্মেলনে ফরিদউদ্দিন আত্তার নিশাপুরি রচিত গ্রন্থ ‘মুসিবতনামা’র বাংলায় অনূদিত বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

০৭/০৯/২০২৬
মোহাম্মদ রফিকুল ইসলাম
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়