ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশ ল’ এসোসিয়েশন ইউ.কে ট্রাস্ট ফান্ড’ প্রতিষ্ঠার লক্ষ্যে ২৭ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। আজ ৯ সেপ্টেম্বর ২০২৬, বুধবার উপাচার্যের অফিস সংলগ্ন সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ ল’ এসোসিয়েশন ইউ.কে-এর সভাপতি মুহাম্মাদ মুজিবুর রহমান এবং সাধারণ সম্পাদক মাহমুদা চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের কাছে এ চেক হস্তান্তর করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী। এছাড়া অনুষ্ঠানে আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল হক, আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. তৌহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে বাংলাদেশ ল’ এসোসিয়েশন ইউ.কে যে উদ্যোগ গ্রহণ করেছে, তা অত্যন্ত প্রশংসনীয়। বিশেষ করে শারীরিক বা মানসিক প্রতিবন্ধী এবং অসচ্ছল শিক্ষার্থীদের কল্যাণে এই ট্রাস্ট ফান্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, শুভানুধ্যায়ী এবং বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ালে তাদের উচ্চশিক্ষার সুযোগ আরও বিস্তৃত হবে। বাংলাদেশ ল’ এসোসিয়েশন ইউ.কে-এর দৃষ্টান্ত অনুসরণ করে এ ধরনের মানবিক ও কল্যাণমূলক কার্যক্রমে এগিয়ে আসার জন্য তিনি সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান।
এই ট্রাস্ট ফান্ডের আওতায় প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রথম বর্ষ এলএল.বি. (সম্মান) থেকে এলএল.এম. শ্রেণি পর্যন্ত নিয়মিত অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্য থেকে শারীরিক বা মানসিক প্রতিবন্ধী কিংবা অসচ্ছল ১৫ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে। আগামী ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষ থেকে এই বৃত্তি প্রদান কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

০৯/০৯/২০২৬
ফররুখ মাহমুদ
উপ পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্বব্যিালয়।