ঢাকা বিশ্ববিদ্যালয় আধুনিক ভাষা ইনস্টিটিউটে তৃতীয় ভাষা শিক্ষা কার্যক্রম সম্প্রসারণ ও গতিশীল করার বিষয়ে গঠিত কমিটির ধারণাপত্র আজ ১৬ সেপ্টেম্বর ২০২৬ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম-এর কাছে হস্তান্তর করা হয়েছে। এ সংক্রান্ত কমিটির আহ্বায়ক আধুনিক ভাষা ইনস্টিটিউটের সংখ্যাতিরিক্ত অধ্যাপক ড. আ ক ম ওয়ালিউল ইসলামের নেতৃত্বে কমিটির একটি প্রতিনিধিদল আজ সকালে এই ধারণাপত্র হস্তান্তর করে। ধারণাপত্রে বাংলাদেশের বিভিন্ন ইনস্টিটিউটে তৃতীয় ভাষায় দক্ষ ও মানসম্মত শিক্ষক নিয়োগ, বিদেশে বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং আয় ও মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে সুপারিশমালা প্রদান করা হয়েছে।
এই ধারণাপত্র পর্যালোচনা ও কর্ম-পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে আগামী ২১ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ৪:০০টায় অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে এক সেমিনার অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালামের সভাপতিত্বে সেমিনারে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদেদ্দী আলফেছানী এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় আধুনিক ভাষা ইনস্টিটিউটে তৃতীয় ভাষা শিক্ষা কার্যক্রম আরও জোরদার, কার্যকর ও গতিশীল করার লক্ষ্যে এক মতবিনিময় সভা গত ৩০ আগস্ট ২০২৬ রবিবার অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন।
সভায় তৃতীয় ভাষা শিক্ষার গুরুত্ব তুলে ধরা হয় এবং আরবী, ফরাসি, জাপানিজ, জার্মান, চীনা, কোরিয়ান ও ইংরেজি ভাষা- সহ বিভিন্ন ভাষা শিক্ষা প্রদানের ক্ষেত্রে আধুনিক ভাষা ইনস্টিটিউটের সক্ষমতা পর্যালোচনা করা হয়। এছাড়া সভায়, বর্তমান সরকারের ভাষা শিক্ষা কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে আধুনিক ভাষা ইনস্টিটিউটে এ সংক্রান্ত কর্মসূচি প্রণয়ন ও বর্তমান কার্যক্রমের আধুনিকায়ন, প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন এবং তৃতীয় ভাষা শিক্ষা প্রদানের জন্য দেশে পর্যাপ্ত দক্ষজনবল তৈরির বিষয়ে আলোচনা করা হয়। সভায় উল্লেখ করা হয়, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশের শ্রমবাজারে বাংলাদেশের মানুষের চাহিদা বাড়াতে ভাষাগত দক্ষতা অর্জন জরুরি। এ কারণে বর্তমান সরকার তৃতীয় ভাষা শিক্ষার বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। আন্তর্জাতিক শ্রমবাজারে দক্ষ জনবল প্রেরণের বিষয় বিবেচনা করে আধুনিক ভাষা ইনস্টিটিউটে তৃতীয় ভাষা শিক্ষা কার্যক্রম আরও গতিশীল করার উপর গুরুত্বারোপ করা হয়।
সভায় বাংলা ও ইংরেজি ভাষার পাশাপাশি একটি তৃতীয় ভাষা শিক্ষা প্রদান বিষয়ে আধুনিক ভাষা ইনস্টিটিউটের সক্ষমতা যাচাই ও এ সংক্রান্ত সুপারিশ প্রদানের লক্ষ্যে অধ্যাপক ড. আ ক ম ওয়ালিউল ইসলামকে আহ্বায়ক করে ৯ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। এই কমিটি আজ প্রতিবেদন দাখিল করে।

১৬/০৯/২০২৬
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়