ঢাকা বিশ্ববিদ্যালয় অর্গ্যানাইজেশন স্ট্র্যাটেজি এন্ড লিডারশীপ বিভাগের উদ্যোগে “ Fundamentals of Research Methodology Training ” শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির সনদপত্র বিতরণী অনুষ্ঠান আজ ১৩ অক্টোবর ২০২৬ মঙ্গলবার ডব্লিউ. এ. জেনকিন্স ভার্চুয়াল লেকচার রুমে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদপত্র বিতরণ করেন।
বিভাগীয় চেয়ারম্যান সহযোগী অধ্যাপক মো. রাশেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অধ্যাপক ড. মুহাম্মদ শরীয়ত উল্লাহ বক্তব্য রাখেন। বিভাগের প্রভাষক মেহনাজ সাদেক অনুষ্ঠান সঞ্চালন করেন।
প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, গবেষণার ক্ষেত্রে নিজস্ব চিন্তাশক্তি ও সৃজনশীলতাকে কাজে লাগাতে হবে। বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ মানবসম্পদ। এই সম্পদকে দেশের উন্নয়নে ব্যবহার করতে হবে। গবেষণার ক্ষেত্রে জনস্বার্থ, টেকসই উন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্মের কথা বিবেচনা করতে হবে। তিনি বলেন, বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর অতিরিক্ত নির্ভরশীলতা মানুষের চিন্তাশক্তি কমিয়ে দিতে পারে। তাই এআই ব্যবহারের পাশাপাশি নিজস্ব মেধা ও বুদ্ধি দিয়ে নতুন ধারণা তৈরি করতে হবে। গবেষণা ও উদ্ভাবনে এগিয়ে আসার জন্য তিনি তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান শুধু সার্টিফিকেটে সীমাবদ্ধ না রেখে দেশ ও সমাজের কল্যাণে কাজে লাগাতে হবে।
১৩/১০/২০২৬
মোহাম্মদ রফিকুল ইসলাম
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়