ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তনে গ্র্যাজুয়েটদের অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন বিষয়ক এক প্রস্তুতি সভা আজ ২৯ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার উপাচার্যের অফিস সংলগ্ন সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।
প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালামের সভাপতিত্বে সভায় আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোসাদ্দেক হোসেন কামাল-সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় গ্র্যাজুয়েটদের অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া, প্রদত্ত তথ্যাদি যাচাই ও সত্যতা নিশ্চিতকরণ (ভেরিফিকেশন) এবং রেজিস্ট্রেশন ফি পেমেন্ট সিস্টেম সহজ ও সুশৃঙ্খল করার বিষয়ে বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়। এসময় অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রমের বিভিন্ন ধাপ, তথ্য যাচাইয়ের পদ্ধতি এবং পেমেন্ট ব্যবস্থাপনা সম্পর্কে একটি প্রেজেন্টেশন দেওয়া হয়।
উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম সমাবর্তনে গ্র্যাজুয়েটদের রেজিস্ট্রেশনের সকল কারিগরি প্রস্তুতি দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দেন। তিনি বলেন, সবধরনের বিড়ম্বনা থেকে গ্র্যাজুয়েটদের মুক্ত রাখতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদার করতে হবে।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তনে অংশগ্রহণকারীদের অনলাইনে আবেদন কার্যক্রম আগামী ০১ নভেম্বর ২০২৬ রবিবার সকাল ৮:০০টা থেকে শুরু হবে। ৩০ নভেম্বর ২০২৬ সোমবার রাত ১১:৫৯টা পর্যন্ত আবেদন করা যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট https://convocation.du.ac.bd এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন প্রক্রিয়াটি মোট ৪টি ধাপে সম্পন্ন করতে হবে। আবেদনকারীকে আগামী ৩০ নভেম্বর সোমবার রাত ১১:৫৯টার মধ্যে অবশ্যই ১ম ধাপ সম্পন্ন করতে হবে। ২ ডিসেম্বর ২০২৬ বুধবার রাত ১১:৫৯টার মধ্যে অনলাইনে পেমেন্ট সম্পন্ন করতে হবে।

২৯/১০/২০২৬
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়।