ঢাকা বিশ্ববিদ্যালয় এবং University & Industry Alliance -এর যৌথ উদ্যোগে ‘ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবোরেশন: সরকারের নীতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান’ শীর্ষক এক সেমিনার আগামী ২২ নভেম্বর ২০২৬ রবিবার সকাল ১০টায় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত হবে। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন মূল প্রবন্ধ উপস্থাপন করবেন। স্বাগত বক্তব্য দেবেন University & Industry Alliance -এর সভাপতি আইবিএ’র অধ্যাপক ড. মো. মহিউদ্দিন।
দেশের শতাধিক শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি সেমিনারে উপস্থিত থাকবেন এবং আলোচনায় অংশ নেবেন বলে আশা করা যাচ্ছে। এছাড়া, সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রভোস্ট, বিভাগের চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক, শিক্ষক ও শিক্ষার্থী প্রতিনিধি, অফিসপ্রধান এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সভাপতি ও চেয়ারম্যানগণ অংশগ্রহণ করবেন।
এ উপলক্ষ্যে এক প্রস্তুুতি সভা আজ ১৬ নভেম্বর ২০২৬ সোমবার উপাচার্যের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম সভায় সভাপতিত্ব করেন।
সভায় বিভিন্ন অনুষদের ডিন, আইকিউএসির পরিচালক এবং University & Industry Alliance-এর সভাপতি অধ্যাপক ড. মো. মহিউদ্দিন উপস্থিত ছিলেন।
সভায় সেমিনার আয়োজনের সার্বিক প্রস্তুতি ও অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং সুষ্ঠু, সুশৃঙ্খল ও সফলভাবে সেমিনার আয়োজনের ক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করা হয়।
উল্লেখ্য, শিল্পপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে সহযোগিতা আরও সুদৃঢ় করা, উচ্চশিক্ষাকে শিল্প খাতের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা এবং গবেষণা, উদ্ভাবন ও দক্ষ মানবসম্পদ উন্নয়নে যৌথ উদ্যোগের সম্ভাবনা নিয়ে সেমিনারে আলোচনা করা হবে। এ আয়োজনের মাধ্যমে শিল্প ও অ্যাকাডেমিক অঙ্গনের মধ্যে কার্যকর সংযোগ প্রতিষ্ঠা এবং এ ক্ষেত্রে সরকারের নীতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা নিয়ে মতবিনিময়ের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

১৬/১১/২০২৬
মোহাম্মদ রফিকুল ইসলাম
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়