টাঙ্গাইলের গালা ইউনিয়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের মাঠ সমীক্ষা ও উন্নয়ন নাট্যের প্রায়োগিক কার্যক্রম
থিয়েটারের বহুমাত্রিক প্রয়োগ, সামাজিক দায়বদ্ধতা এবং উন্নয়নমূলক কার্যকারিতার ক্ষেত্র সম্প্রসারণে নিরন্তর কাজ করে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ। এরই ধারাবাহিকতায় বিভাগের কোর্স শিক্ষক আহসান খানের তত্ত্বাবধানে টাঙ্গাইলের গালা ইউনিয়নে শুরু হয়েছে ছয় দিনব্যাপী মাঠ সমীক্ষা ও উন্নয়ন নাট্যের প্রায়োগিক কার্যক্রম। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের খণ্ডকালীন শিক্ষক আব্দুর রাজ্জাকও উপস্থিত রয়েছেন এই কার্যক্রমে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ এবং ‘নিজেরা করি’-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিটি ১৪ থেকে ১৯ নভেম্বর ২০২৬ পর্যন্ত পরিচালিত হবে। বিভাগের কোর্স ৩৫৪- ‘প্রায়োগিক নাট্য: উন্নয়ন নাট্য’-এর অংশ হিসেবে ৬ষ্ঠ সেমিষ্টারের শিক্ষার্থীবৃন্দ প্রতিবছর মাঠপর্যায়ের ‘প্রায়োগিক নাট্য: ক্ষেত্র সমীক্ষা ও নাট্য-প্রক্রিয়া অনুশীলন’ শীর্ষক কর্মসূচিতে অংশগ্রহণ করে। শিক্ষার্থীবৃন্দ এই মাঠপর্যায়ে অংশগ্রহণের মধ্য দিয়ে উন্নয়ন নাট্যের ধারণা, প্রয়োগপদ্ধতি এবং সামাজিক প্রেক্ষাপটে এর কার্যকারিতা সম্পর্কে প্রত্যক্ষ ও ব্যবহারিক অভিজ্ঞতা অর্জন করে।