শিক্ষা ও গবেষণার আধুনিকায়নের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগে ‘Advanced Soil and Environmental Microbiology Laboratory’ শীর্ষক একটি আধুনিক ল্যাব উদ্বোধন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম আজ ২৯ জুলাই ২০২৬ বুধবার বিভাগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ল্যাব উদ্বোধন করেন। উল্লেখ্য, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের হিট প্রজেক্টের আওতায় এই ল্যাব স্থাপন করা হয়েছে।
মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ এইচ এম জুলফিকার আলী’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবদুল করিম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। হিট প্রজেক্টের এএসপিএম -১ অধ্যাপক ড. মো. জসীম উদ্দিন অনুষ্ঠানে বক্তব্য দেন। এএসপিএম ড. মোহাম্মদ ফজলে আলম রাব্বি এ সময় উপস্তিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম দেশ ও জাতির কল্যাণে গবেষণা কার্যক্রম পরিচালনার উপর গুরুত্বারোপ করে বলেন, গবেষণার সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। গবেষণা প্রবন্ধ আন্তর্জাতিক মানের জার্নালে প্রকাশের মাধ্যমে বৈশ্বিক র্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থানকে সম্মানজনক পর্যায়ে উন্নীত করার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালনের জন্য তিনি গবেষকদের প্রতি আহ্বান জানান। গবেষকদের উৎসাহিত করতে অনুষদ পর্যায়ে রিসার্চ অ্যাওয়ার্ড প্রবর্তনের উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, এর মাধ্যমে গবেষকরা আরও উৎসাহিত হবেন এবং গবেষণার মানও বাড়বে। তিনি বলেন, অত্যাধুনিক গবেষণা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে হিট প্রজেক্টের আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটে আধুনিক ল্যাবলেটরি স্থাপন করা হচ্ছে। এসব ল্যাবলেটরির যথাযথ রক্ষণাবেক্ষণের লক্ষ্যে এসংক্রান্ত বাজেট বরাদ্দের জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে গবেষকগণ নিজ নিজ গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন।

২৯/০৭/২০২৬
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়