তথ্য অধিকার আইন-২০০৯ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আগামীকাল ৩০ নভেম্বর ২০২৬ সোমবার সকাল ১১:০০টায় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এউপলক্ষ্যে আগামীকাল সকাল ১১:০০টা থেকে বিকাল ৩:০০টা পর্যন্ত টিএসসি চত্বরে তথ্যমেলার আয়োজন করা হয়েছে। তথ্যের অবাধ প্রবাহ এবং জনগণের তথ্য অধিকার নিশ্চিত করার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ তথ্য কমিশনের যৌথ উদ্যোগে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, এমপি প্রধান অতিথি এবং প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। তথ্য কমিশনার মাহফুজুর রহমান এবং খান মোহাম্মদ আবুল হোসেন সম্মানিত আলোচক হিসেবে বক্তব্য রাখবেন। এমআরডিআই-এর নির্বাহী পরিচালক হাসিবুর রহমান মূল প্রবন্ধ উপস্থাপন করবেন।
অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

২৯/১১/২০২৬
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়