ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাজমুন নাহার আর নেই। গতকাল ১৭ জুলাই ২০২৬, শুক্রবার দিবাগত রাত ১২:১৫ টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী, দুই পুত্র এবং অসংখ্য শিক্ষক-শিক্ষার্থী, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
১৮ জুলাই ২০২৬, শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। কাজী মোতাহার হোসেন ভবন প্রাঙ্গণে ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে তাঁকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়।
জানাজা ও দাফন প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন, ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান, মরহুমার পরিবারের সদস্যবৃন্দ এবং বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
অধ্যাপক ড. নাজমুন নাহারের অকাল প্রয়াণে বিশ্ববিদ্যালয় পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও শিক্ষার্থীরা মরহুমার রূহের মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর দরবারে শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার তৌফিক দান করার দোয়া জ্ঞাপন করেন।