ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম গতিশীল করা, শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, শিক্ষার্থীদের জীবনমান উন্নয়ন, সহশিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রম জোরদার এবং আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়ের অবস্থানকে আরও সম্মানজনক পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নানামুখী উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন অব্যাহত রয়েছে। এ সপ্তাহের বিভিন্ন কর্মসূচির হালনাগাদ তথ্য পরিবেশিত হলো:
১। জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)-এর প্রতিনিধি মি. নিশি রিজুকির নেতৃত্বে ৬- সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধিদল উপাচার্যের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছে। বৈঠককালে তাঁরা জাইকার অর্থায়নে ‘বাংলাদেশের উচ্চশিক্ষা সহায়তায় সম্ভাব্য ইয়েন ঋণ প্রকল্প’ শীর্ষক একটি প্রকল্প বাস্তবায়ন নিয়ে আলোচনা করেন। জাইকা প্রতিনিধিদলের সদস্যরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা ও গবেষণার উন্নয়নে ইকো-সিস্টেম প্রতিষ্ঠা এবং সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা প্রদানে আগ্রহ প্রকাশ করেন। গবেষণা দক্ষতার উন্নয়ন, উচ্চশিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং শিক্ষা ও শিল্পখাতের মধ্যে সম্পর্ক জোরদার করার ক্ষেত্রেও তাঁরা সহযোগিতা প্রদানের আগ্রহ প্রকাশ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে আরও যৌথ সহযোগিতামূলক একাডেমিক ও গবেষণা কর্মসূচি গ্রহণ এবং আঞ্চলিক ও স্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে নেটওয়ার্ক শক্তিশালী করার ওপর তাঁরা গুরুত্বারোপ করেন। জাইকা প্রতিনিধিদলের প্রধান এ বিষয়ক প্রকল্পের একটি খসড়া প্রস্তাবনা উপস্থাপন করেন।
২। বায়োমেডিকেল ফিজিক্স অ্যান্ড টেকনোলজি বিভাগের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ‘খোন্দকার লুৎফি রব্বানী-নাজমুন নেছা স্মৃতি বৃত্তি’ প্রদান করা হয়েছে। উপাচার্য শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন।
৩। আধুনিক ভাষা ইনস্টিটিউটে তৃতীয় ভাষা শিক্ষা কার্যক্রম আরও জোরদার, কার্যকর ও গতিশীল করার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপাচার্য সভায় সভাপতিত্ব করেন। সভায় তৃতীয় ভাষা শিক্ষার গুরুত্ব তুলে ধরা হয় এবং চীনা, জাপানি, কোরিয়ান, আরবী, ফরাসি ও ইংরেজি ভাষা- সহ বিভিন্ন ভাষা শিক্ষা প্রদানের ক্ষেত্রে আধুনিক ভাষা ইনস্টিটিউটের সক্ষমতা পর্যালোচনা করা হয়। এছাড়া সভায়, বর্তমান সরকারের ভাষা শিক্ষা কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে আধুনিক ভাষা ইনস্টিটিউটে এ সংক্রান্ত কর্মসূচি প্রণয়ন ও বর্তমান কার্যক্রমের আধুনিকায়ন, প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন এবং তৃতীয় ভাষা শিক্ষা প্রদানের জন্য দেশে পর্যাপ্ত দক্ষজনবল তৈরির বিষয়ে আলোচনা করা হয়।
সভায় তৃতীয় ভাষা শিক্ষা প্রদান বিষয়ে আধুনিক ভাষা ইনস্টিটিউটের সক্ষমতা যাচাই ও এ সংক্রান্ত সুপারিশ প্রদানের লক্ষ্যে অধ্যাপক ড. আ ক ম ওয়ালিউল ইসলামকে আহ্Ÿায়ক করে ৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিটিকে আগামী ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে।
৪। ঢাকা বিশ্ববিদ্যালয় কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের উদ্যোগে ‘Professional Masters in Information and Cyber Security (PMICS)’ শীর্ষক প্রোগ্রামের ৩য় ব্যাচের সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।
৫। একাউন্টিং বিভাগের অধ্যাপক আল-আমিনকে বিজনেস স্টাডিজ অনুষদের ভারপ্রাপ্ত ডিন হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। উপাচার্য গত ৩০ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর প্রথম সংবিধির ১৭(২) ধারা অনুযায়ী তাঁকে এই নিয়োগ প্রদান করেন।
উল্লেখ্য, ০৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখ থেকে অনধিক ৯০ দিন অথবা নির্বাচিত ডিন কাজে যোগদান না করা পর্যন্ত (যা আগে ঘটবে তা কার্যকর হবে) তাঁকে বিজনেস স্টাডিজ অনুষদের ভারপ্রাপ্ত ডিন হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।
৬। ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাপ্লাইড ডেমোক্রেসি ল্যাবের উদ্যোগে মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৩টি বিভাগের ৩৮জন শিক্ষার্থী কর্মশালায় অংশগ্রহণ করেন।
৭। আন্তঃধর্মীয় ও আন্তঃসাংস্কৃতিক সংলাপ কেন্দ্র এবং বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগ এর যৌথ উদ্যোগে " Prophet Muhammad (SAW): A Mercy to the Worlds" শীর্ষক একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়। কলা অনুষদের ডিন সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
৮। আধুনিক ভাষা ইনস্টিটিউটে বাংলা ভাষা প্রোগ্রামে অধ্যয়নরত চীনা শিক্ষার্থীদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। কোষাধ্যক্ষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
৯। ম্যানেজমেন্ট বিভাগের এক্সিকিউটিভ এমবিএ প্রোগ্রামের ৯ম ব্যাচের শিক্ষার্থীদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
১০। বাংলাদেশ গার্হস্থ্য অর্থনীতি কলেজের রিসোর্স ম্যানেজমেন্ট অ্যান্ড এন্ট্রাপ্রেনরশিপ বিভাগের ৩৭ জন শিক্ষক ও শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শক্তি ইনস্টিটিউট পরিদর্শন করেন। এসময় শক্তি ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক সোলার এনার্জি বিষয়ে ক্লাস ও ব্যবহারিক সেশন পরিচালনা করেন। এছাড়া, সৌর বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা, এর ব্যবহার ও সম্ভাবনা, সোলার কুকার, সোলার ডিস্যালাইনেশন সিস্টেম, সোলার হট ওয়াটার সিস্টেম এবং সোলার ড্রায়ার সম্পর্কে বাস্তব ও ব্যবহারিক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করা হয়।
১১। ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপাচার্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বার্ষিক পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
১২। ক) সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের এমএসএস ২য় সেমিস্টার মিড-টার্ম পরীক্ষা আগামী ০৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। একই শিক্ষাবর্ষের বিএসএস সম্মান ৩য় বর্ষ ৬ষ্ঠ সেমিস্টার ফাইনাল পরীক্ষা আগামী ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে। খ) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের বিএসএস সম্মান ৩য় বর্ষ ৬ষ্ঠ সেমিস্টার এর ছাত্র-ছাত্রীদের একাডেমিক রিফ্রেশমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। গ) ইনস্টিটিউটে পরিস্কার-পরিচ্ছন্নতা, মশক নিধন ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও ইনস্টিটিউটের নিয়মিত একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম যথাযথভাবে চলমান রয়েছে।
১৩। ক) আন্তঃহল দাবা-ক্যারম প্রতিযোগিতায় কবি সুফিয়া কামাল হল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খ) আন্তঃহল ফুটবল প্রতিযোগিতায় এই হল রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে। গ) আন্তঃহল হ্যান্ডবল প্রতিযোগিতায় হলের শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করে। ঘ) জুলাই গণ-অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে কবি সুফিয়া কামাল হল সংসদ-এর উদ্যোগে মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এই আয়োজনের আওতায় শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের সুগার পরীক্ষা, ইসিজি, ইউরিন টেস্ট, স্পাইরোমেটি, লাংস চেক-আপ ও ফিটনেস চেক-আপ ইত্যাদি করা হয়। ঙ) হলের পরিবেশ ক্লাবের উদ্যোগে হল প্রশাসনের তত্ত্বাবধানে পরিচ্ছন্নতা অভিযানের আয়োজন করা হয়। চ) হল মিলনায়তনে ক্যারিয়ার বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। ছ) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষ্যে হল প্রাঙ্গণে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
১৪। রোকেয়া হলের ভিজিটর রুমে নতুন আরও ১০টি সিসি ক্যামেরা সংযোগ করা হয়েছে।
১৫। ক্রেম্পি কমিউনিকেশনস ইন্টারন্যাশনাল (কেসিআই সিঙ্গাপুর এবং ইউএসএ)-এর সহযোগিতায় ২০২৬ সালের ২৩-২৬ নভেম্বর থাইল্যান্ডের চিয়াং মাই-তে ১ম অটঅচ আন্তর্জাতিক ছাত্র হ্যাকাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের জন্য আহ্বান করা হয়েছে। শিক্ষার্থীরা বিস্তারিত তথ্যের জন্য ydp@auap.org, Phone/WhatsAPP/Viber/Telegram +66 85 768 7474 . এ যোগাযোগ করতে পারবে।
১৬। পদার্থবিজ্ঞান বিভাগের ৪জন শিক্ষর্থীকে বীর মুক্তিযোদ্ধা আমেনা জামান স্মৃতি ট্রাস্ট ফান্ড বৃত্তি প্রদান করা হয়েছে। তাদের প্রত্যেককে এককালীন ১০,০০০/- টাকা করে বৃত্তি প্রদান করা হবে।
১৭। নৃবিজ্ঞান বিভাগের ৭জন শিক্ষর্থীকে অধ্যাপক শাহীন আহমেদ ও কাজী আনোয়ার আহমেদ ট্রাস্ট ফান্ড বৃত্তি প্রদান করা হয়েছে। তাদের প্রত্যেককে এককালীন ২০,০০০/- টাকা করে বৃত্তি প্রদান করা হবে।
১৮। বিভিন্ন বিভাগের ১৪জন শিক্ষর্থীকে আমিনুর রহমান খান স্মারক বৃত্তি প্রদান করা হয়েছে। তাদের প্রত্যেককে এককালীন ১২,০০০/- টাকা করে বৃত্তি প্রদান করা হবে।
১৯। ক) বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা:) উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। খ) হলের ছাত্রীদের জন্য একটি সিক রুমের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও হলের সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা, নিয়মিত মশার ওষুধ প্রদান ও হলের প্রশাসনিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
২০। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের লক্ষ্যে ‘ Elite Group Serajuddin and Rabeya Seraj Trust Fund’ শীর্ষক ২ কোটি টাকার নতুন একটি ট্রাস্ট ফান্ড গঠন করা হয়েছে। এই ট্রাস্ট ফান্ড গঠনের লক্ষ্যে এলিট গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ-এর পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অনুদানের একটি চেক হস্তান্তর করা হয়। উপাচার্য চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এই ট্রাস্ট ফান্ডের আওতায় প্রতি বছর বিজ্ঞান অনুষদ এবং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদভুক্ত বিভাগসমূহে অধ্যয়নরত শিক্ষার্থীদের এককালীন বৃত্তি প্রদান করা হবে। আগামী ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষ থেকে এ বৃত্তি প্রদান কার্যক্রম শুরু হবে। এছাড়া অনুষ্ঠানে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা জোরদারের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এলিট গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে ইন্টার্নশিপের সুযোগ প্রদানের ঘোষণা দেওয়া হয়।
২১। প্রাচ্যকলা বিভাগের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী জয়নুল গ্যালারিতে অনুষ্ঠিত হয়েছে। প্রাচ্যকলা বিভাগের চেয়ারম্যানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে চারুকলা অনুষদের ডিন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে ১৬ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।
২২। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল সেন্টার ফর ওশান গভর্ন্যান্স, সমুদ্রবিজ্ঞান বিভাগ এবং ঢাকাস্থ ফ্রান্স দূতাবাসের যৌথ উদ্যোগে ‘বাংলাদেশী ব-দ্বীপ অঞ্চলে জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনার জন্য পানির স্তর সংক্রান্ত তথ্য সংগ্রহ, প্রক্রিয়াকরণ ও বিশ্লেষণের কারিগরি সক্ষমতা জোরদারকরণ’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী ও সনদ প্রদান অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের এম এ লতিফ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। উপাচার্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত গেস্ট অব অনার এবং প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
২৩। পরিজন (প্রাতিস্বিক সংস্থাপন) কর্তৃক সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি প্রদান করা হবে। উপবৃত্তি প্রাপ্তির জন্য শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি-এর মার্কসিটের সত্যায়িত ফটোকপি, এক কপি ছবি, নিজ হোয়াটসঅ্যাপ ও অভিভাবকের মোবাইল নম্বর এবং সত্যিকারের পূর্ণ পারিবারিক আর্থিক অবস্থা তুলে ধরে এক বা একাধিক পৃষ্ঠায় হাতে লেখা আবেদন পত্র পাঠাতে হবে। আবেদন পত্রে বিভাগীয় প্রধানের সত্যতা যাচাই স্বাক্ষর এবং উপবৃত্তির আবশ্যকতার সুপারিশ বা স্বাক্ষর থাকতে হবে। আবেদন পত্র পাঠানোর ঠিকানা - পরিচালক, পরিজন, কানিশাইল ভিলা, বাসা নং-১৩, রোড নং-৮, ব্লক-এ, শাহজালাল উপশহর, সিলেট-৩১০০। বিস্তারিত তথ্যের জন্য হোয়াটসঅ্যাপ/মোবাইল : ০১৮১৬-৩৯৭৫৫৫/০১৮৯৪-৭৬৩৯৮৯।
২৪। ইতিহাস বিভাগের ২০২৬ সালের (শিক্ষাবর্ষ ২০২৫-২০২৬) এম. ফিল. ১ম পর্বের পরীক্ষার সময়-সূচি ঘোষণা করা হয়েছে। পরীক্ষা কমিটি ও বিভাগীয় একাডেমিক কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী ০৮ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে - Research Methodology এবং ১২ অক্টোবর ২০২৬ সোমবার অনুষ্ঠিত হবে - Social Changes and Public Opinion in Bengal (19th and 20th Centuries) Or Social and Religious Movements in Bengal (18th and 19th Centuries). পরীক্ষার স্থান: কলাভবন ৫ম তলা। পরীক্ষার সময়: সকাল ৯ টা থেকে দুপুর ১টা পর্যন্ত (প্রশ্নপত্রে উল্লেখিত সময়)।
মোহাম্মদ রফিকুল ইসলাম
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়