ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম গতিশীল করা, শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, শিক্ষার্থীদের জীবনমান উন্নয়ন, সহশিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রম জোরদার এবং আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়ের অবস্থানকে আরও সম্মানজনক পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নানামুখী উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন অব্যাহত রয়েছে। এ সপ্তাহের বিভিন্ন কর্মসূচির হালনাগাদ তথ্য পরিবেশিত হলো:
১। ‘অ্যাসোসিয়েশন অফ কমনওয়েলথ ইউনিভার্সিটিজ’ (এসিইউ)-এর কাউন্সিল সভায় যোগদানের লক্ষ্যে ৪ দিনের সরকারি সফরে উপাচার্য ৮ জুলাই বুধবার যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
সফরকালে উপাচার্য Leading Universities through Transformation: What will Higher Education Leadership Require by 2035? শীর্ষক একটি গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করবেন।
তিনি আগামী ১২ জুলাই ২০২৬ দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে। উপাচার্যের অনুপস্থিতিতে প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) তাঁর নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে উপাচার্য-এর রুটিন দায়িত্ব পালন করবেন।
২। প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট থেকে ‘জাতীয় পরিবেশ পদক ২০২৫’ গ্রহণ করেছেন প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম। বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬-এর জাতীয় অনুষ্ঠানমালার উদ্বোধনকালে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর হাতে এই পদক তুলে দেন।
উল্লেখ্য, পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে অসাধারণ অবদানের জন্য গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবন ক্যাটাগরিতে প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) ‘জাতীয় পরিবেশ পদক ২০২৫’ লাভ করেছেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় গত ৭ জুন ২০২৬ এসংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে।
৩। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি ৩৫ জন গবেষক পিএইচডি, ১৯ জন এমফিল এবং ২ জন ডিবিএ ডিগ্রি অর্জন করেছেন। গত ২২ জুন ২০২৬ তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় তাদের এসব ডিগ্রি প্রদান করা হয়। উপাচার্য সভায় সভাপতিত্ব করেন।
৪। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘Appropriate Technology for Healthcare in LMICs (ICATH-LMIC 2026)’ শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী প্রধান অতিথি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বাংলাদেশ ডায়েবেটিক সোসাইটির সভাপতি ও জাতীয় অধ্যাপক, বিশ্ব স্বাস্থ্য সংস্থা-এর বাংলাদেশ অফিসের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ও যুক্তরাজ্যের শেফিল্ড বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ।
৫। ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ই-ফেক্টিভ গভর্নেন্স কর্মসূচির টিম লিডার আরসেন স্টেপের নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করে। সাক্ষাৎকালে উচ্চশিক্ষা খাতে ডিজিটাল গভর্নেন্স, তথ্য আদান-প্রদানের নিরাপদ ডিজিটাল ব্যবস্থা এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে আন্তঃসংযোগ প্রতিষ্ঠার সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
৬। রাশিয়ায় ‘‘KARTINA MIRA’’ শীর্ষক আন্তর্জাতিক চিত্রকর্ম প্রতিযোগিতায় চারুকলা অনুষদভুক্ত অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের ২০১৮-২০১৯ সেশনের শিক্ষার্থী অরনী হোসেন অথৈ-এর আঁকা ‘‘The Craftsman’’ শীর্ষক চিত্রকর্মটি সেরা হিসেবে নির্বাচিত হয়েছে। তরুণ শিল্পীদের নিয়ে সম্প্রতি রাশিয়ার সামারা শহরে এই আন্তর্জাতিক চিত্রকর্ম প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের তরুণ শিল্পীদের মোট ১হাজার ৬শ’ ৫৩টি চিত্রকর্ম জমা পড়ে।
৭। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ২য় সেমিস্টারের কয়েকজন অসচ্ছল শিক্ষার্থীকে প্রতিবছর বৃত্তি প্রদানের লক্ষ্যে ‘মাহবুবল হক এবং আনোয়ারা মাহবুব ট্রাস্ট ফান্ড’ শীর্ষক নতুন একটি ট্রাস্ট ফান্ড গঠন করা হয়েছে। প্রয়াত পিতামাতার স্মৃতি রক্ষার্থে এই ট্রাস্ট ফান্ড গঠনের জন্য ইডেন মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক জাফরুন নাহার ১০ লাখ টাকার একটি চেক উপাচার্যের কাছে হস্তান্তর করেন।
৮। থিওরেটিক্যাল এন্ড কম্পিউটেশনাল কেমিস্ট্রি বিভাগের উদ্যোগে ‘‘Exploring Lead-free Organic Perovskite through Computational Doping Strategies for Enhanced Solar Cell Application’’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)- এর অর্থায়নে এই কর্মশালা আয়োজন করা হয়।
৯। ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের অফিস উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের ১০ম তলা থেকে কার্জন হল এলাকায় নবনির্মিত ২১ তলা ভবনের ৩য় তলায় স্থানান্তর করা হয়েছে। এমতাবস্থায়, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের দাপ্তরিক কার্যক্রমের প্রয়োজনে নতুন ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
১০। কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে "AI Readz University: Responsible AI for Teaching, Careers and Workforce Transformation" শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়।
বিভাগের বার্ষিক প্রোগ্রামিং প্রতিযোগিতা "Battle of Brains (BOB)"-এর ১১তম আসর অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতাটি যৌথভাবে আয়োজন করে সিএসইডিইউ ইনফরমেটিক্স ক্লাব এবং স্নাতক ২৯তম ব্যাচ। কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ, ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি এবং গণিত বিভাগ থেকে মোট ৬৯ জন শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বিভাগের চেয়ারম্যান সহ শিক্ষকবৃন্দ।
১১। অণুজীব বিজ্ঞান বিভাগে “Method Validation, Method Verification, and In-house Method Development in Microbiology and Molecular Biology under ISO/IEC” সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
১২। ক) শিল্পকলার ইতিহাস বিভাগের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। খ) ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন উপলক্ষ্যে চারুকলা অনুষদের ওসমান জামাল মিলনায়তনে “চারুকলা অনুষদের অর্জন ও অবদান” শীর্ষক বক্তৃতা অনুষ্ঠানের আয়োজন করা হয়। চারুকলা অনুষদের ডিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-উপাচার্য (শিক্ষা)।
১৩। ক) সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের বিএসএস সম্মান শ্রেণির ছাত্র-ছাত্রীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ইনস্টিটিউটের সকল শিক্ষক (তত্ত্বাবধায়ক) এবং ১৮টি এজেন্সি তত্ত্বাবধায়ক সমন্বয়ে ব্যবহারিক প্রশিক্ষণ বিষয়ক যৌথ মতবিনিময় সভা এবং যৌথ ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। খ) মৌখিক সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে ২০২৫ সনের এমএসএস শ্রেণির শিক্ষার্থীদের ঐচ্ছিক কোর্স হিসেবে থিসিস কোর্স প্রদান করা হয়। গ) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের বিএসএস সম্মান ১ম বর্ষ ২য় সেমিস্টার ফাইনাল পরীক্ষা আগামী ২৮/০৭/২০২৬ থেকে শুরু হবে। ঘ) ছাত্রীদের কমনরুমের সংস্কার কাজ চলমান রয়েছে। উত্তর ও দক্ষিণ ভবনের পানির ফিল্টার সার্ভিসিং করা হয়েছে। এছাড়াও ইনস্টিটিউটের নিয়মিত একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম যথাযথভাবে চলমান রয়েছে।
১৪। ডিন্স কমিটির সুপারিশ এবং ফাইন্যান্স কমিটির সুপারিশ অনুযায়ী সিন্ডিকেট সভায় বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের ই-মেইল ভেরিফিকেশন ফি জনপ্রতি ৪০ (চল্লিশ) ইউএস ডলার নির্ধারণ করা হয়েছে।
১৫। সমাজবিজ্ঞান বিভাগের প্রয়াত অধ্যাপক কে. এ. এম. সা’দউদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। উপাচার্য সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
১৬। বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক গত ০৫ জুলাই ২০২৬ রবিবার রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। উপাচার্য তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। উপাচার্য গত ০৬ জুলাই দুপুরে অপরাজেয় বাংলার পাদদেশে বাংলা বিভাগের প্রয়াত অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের কফিনে শ্রদ্ধা নিবেদন করেন।
১৭। ঢাকা বিশ্ববিদ্যালয় টিচার্স ক্রিকেট টুর্নামেন্টের ১১তম আসরের ফাইনালে ‘উত্তাল উনসত্তর’ টিমকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ‘দুর্বার একাত্তর’। ম্যাচে ১৪৫ রান করে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন সহযোগী অধ্যাপক ড. মো. হাসান ফারুক। প্লেয়ার অব দ্য সিরিজ নির্বাচিত হয়েছেন সহকারী অধ্যাপক মো. জসিম উদ্দিন। এছাড়া, টুর্নামেন্টে সর্বোচ্চ ১২ উইকেট নিয়ে ইমার্জিং খেলোয়াড় হয়েছেন প্রভাষক আলিফ মোহাম্মদ খান। টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপাচার্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
১৮। ইতিহাস বিভাগের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্রাজ্যুয়েট প্রোগ্রামের শিক্ষার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও ইতিহাস বিভাগের সাবেক শিক্ষার্থী ব্যারিস্টার কায়সার কামাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিভাগীয় চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠানে কলা অনুষদের ডিন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে খেলাধুলায় বিশেষ কৃতিত্বের জন্য জয় কুমার দাসকে এ্যাথলেটিক রোল অব অনার দেয়া হয়। এছাড়া, বিভিন্ন ক্যাটাগরিতে সহ-শিক্ষামূলক কার্যক্রমে কৃতিত্বের জন্য ২৬জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।
১৯। ক) তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে “ঈদ পুনর্মিলনী ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান” অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের ১ম পর্বে বিভাগের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট ১ম বর্ষ ১ম সেমিস্টারের ৭ জন শিক্ষার্থীকে মাসিক ২,৫০০/- (দুই হাজার পাঁচশত) টাকা করে এক বছরের জন্য জনপ্রতি ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা হিসেবে সর্বমোট ২,১০,০০০/- (দুই লক্ষ দশ হাজার) টাকা বৃত্তি প্রদান করা হয়। এছাড়াও জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার ও সনদ প্রদান করা হয়।
খ) তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগে “How green are our libraries: delving deep into environmental sustainability issues" শীর্ষক গেস্ট লেকচার অনুষ্ঠিত। ভারতের কলকাতা বিশ্ববিদ্যালয়ের Department of Library and Information Science- এর Prof. and Former Head, Dr. Susmita Chakraborty লেকচার প্রদান করেন। বিভাগের অনার্স ও মাস্টার্স শ্রেণির শিক্ষার্থী এবং শিক্ষকবৃন্দ গেস্ট লেকচারে উপস্থিত ছিলেন।
২০। ক) বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে ১০৫তম ঢাকা বিশ^বিদ্যালয় দিবস সুষ্ঠুভাবে উদ্যাপন করা হয়েছে। খ) হলের ছাত্রীদের জন্য ‘জিমনেশিয়াম ও ইনডোর গেইমস্ রুম’ উদ্বোধন করা হয়েছে। গ) বৈদ্যুতিক সাবস্টেশনের আন্ডারগ্রাউন্ড ক্যাবল স্থাপনের কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য ৫সদস্য বিশিষ্ট একটি তদারকি কমিটি গঠন করা হয়েছে। ঘ) সিকদার মনোয়ার ভবনের রিডিং রুমে এসির সংযোগ স্থাপন করা হয়েছে। ঙ) হলের সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম, নিয়মিত মশার ওষুধ প্রদান ও প্রশাসনিক কাজ চলমান রয়েছে।
২১। ক) ফুটবল বিশ্বকাপ উপলক্ষ্যে কবি জসীম উদ্দীন হলের শিক্ষার্থীদের জন্য হল অডিটোরিয়ামে একটি ৭৫" স্মার্ট টেলিভিশন স্থাপন করা হয়েছে। খ) হলে ছারপোকা নিধন কর্মসূচি পরিচালিত হয়েছে। গ) হলের উভয় ভবনের ওয়াশরুমে নতুন দরজা ও প্যান স্থাপনসহ প্রয়োজনীয় সংস্কার করা হয়েছে। এছাড়া হলের মসজিদ, আবাসিক শিক্ষক ও কর্মকর্তাদের জন্য নতুন ওয়াশরুম স্থাপন করা হয়েছে। ঘ) হলের দোকানের সামনে একটি নতুন ওয়াটার ফিল্টার স্থাপন করা হয়েছে। ঙ) হলের ময়লার ডাস্টবিনটি বর্ধিত করে এর ওপর নতুন টিনশেড স্থাপন করা হয়েছে। চ) হলের শিক্ষার্থীদের মানসম্মত খাবারের ব্যবস্থা করার জন্য দীর্ঘদিন পর ‘নিমন্ত্রণ মেস’ চালু করা হয়েছে। ছ) ভূমিকম্প পরবর্তী বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে সংস্কার কাজটি চলমান রয়েছে, যা দ্রুতই সম্পন্ন হবে।
২২। সমাজবিজ্ঞান ও নৃবিজ্ঞান বিভাগের ৪ জন শিক্ষার্থীকে ড. হেলাল উদ্দীন খান শামসুল আরেফিন স্মৃতি বৃত্তি প্রদান করা হবে। প্রত্যেককে এককালীন ১২,০০০/= টাকা করে বৃত্তি প্রদান করা হবে।
২৩। অর্থনীতি বিভাগের ৫জন শিক্ষার্থীকে Dhaka University Economics 1976 Memorial Trust Scholarship বৃত্তি প্রদান করা হবে। তাদের মাসিক ৩,০০০ টাকা হারে এক বছরের জন্য এ বৃত্তি প্রদান করা হবে।
২৪। মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের ১ জন শিক্ষার্থীকে রাবেয়া মোবারক স্মারক বৃত্তি প্রদান করা হবে।
২৫। উর্দু বিভাগের ৩জন শিক্ষার্থীকে অধ্যাপক ড. কানিজ-ই-বাতুল স্মারক বৃত্তি প্রদান করা হবে। প্রত্যেককে এককালীন ১০,০০০/= টাকা করে বৃত্তি প্রদান করা হবে।
২৬। শান্তি ও সংঘর্ষ বিভাগের শিক্ষার্থী রাবেয়া আক্তার সাথীকে তাজউদ্দীন আহমদ শান্তি স্বর্ণপদক এবং ২জন শিক্ষার্থীকে তাজউদ্দীন আহমদ স্মারক বৃত্তি প্রদান করা হবে।
২৭। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৬ জন শিক্ষার্থীকে রাষ্ট্রবিজ্ঞান সতীর্থ ফোরাম ট্রাস্ট ফান্ড বৃত্তি প্রদান করা হবে। প্রত্যেককে এককালীন ১২,০০০/= টাকা করে বৃত্তি প্রদান করা হবে।
২৮। বিভিন্ন হলের ২০ জন শিক্ষার্থীকে আলহাজ্ব মকবুল হোসেন ট্রাস্ট ফান্ড বৃত্তি প্রদান করা হবে। প্রত্যেককে এককালীন ১২,০০০/- টাকা করে বৃত্তি দেওয়া হবে।
২৯। ইতিহাস বিভাগের শিক্ষার্থী জয় বিশ্বাসকে Sheuly Smriti Trust Scholarship প্রদান করা হবে। তাকে এককালীন ৮,০০০/- টাকা বৃত্তি প্রদান করা হবে।
৩০। নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩জন শিক্ষার্থীকে আবদুল হক মুন্সী-গুলনাহার বেগম মেমোরিয়াল বৃত্তি প্রদান করা হবে। তাদের একাকালীন ১৫,০০০/- টাকা প্রদান করা হবে।
৩১। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের বেতন মওকুফ এবং ¯œাতক শ্রেণির জন্য মাসিক ১২০০/= টাকা হারে এবং স্নাতকোত্তর শ্রেণির জন্য মাসিক ১৫০০/= টাকা হারে এক বছর মেয়াদি উপবৃত্তি মঞ্জুর করা হবে।
প্রতিবন্ধী শিক্ষার্থীদের উপবৃত্তি মঞ্জুরীর জন্য সংযুক্ত আবেদন ফরম পূরণ করে আগামী ২০/০৭/২০২৬ তারিখের মধ্যে রেজিস্ট্রারের অফিস (কক্ষ নং-২০৭/খ) জমা দেয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। উল্লেখ্য, আবেদনের সঙ্গে শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীর পরিচয়পত্র ও সর্বশেষ পরীক্ষার নম্বরপত্রের সত্যায়িত ফটোকপি সংযুক্ত করতে হবে।
৩২। বাংলাদেশ সড়হ পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)-এর অধীনে ২জন শিক্ষার্থীকে ইন্টার্নশিপ প্রদান করা হবে। এজন্য আগ্রহী প্রার্থীগণের নিকট থেকে আবেদন আহŸান করা হয়েছে। আগ্রহী প্রার্থীগণকে বিআরটিসি’র ওয়েবসাইট (http://brtc.gov.bd) থেকে আবেদন ফরম ডাউনলোড ও পূরণ সাপেক্ষে প্রয়োজনীয় কাগজপত্র সহ আগামী ২০/০৭/২০২৬ তারিখের মধ্যে বিআরটিসি’র প্রধান কার্যালয় (বিআরটিসি ভবন, ২১ রাজউক এভিনিউ, মতিঝিল, ঢাকা-১০০০) বরাবর জমা দেওয়ার অনুরোধ করা হয়েছে।
মোহাম্মদ রফিকুল ইসলাম
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়